ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্য সমাপ্ত উপনির্বাচনের ফল নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে মধ্যবর্তী নির্বাচন দিয়ে সরকারকে জনমত যাচাইয়ের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
রোববার বিকালে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ চ্যালেঞ্জ জানান।
খন্দকার মোশাররফ বলেন, "হবিগঞ্জ-১ আসনের উপনির্বাচনের ফলাফলে আপনার (প্রধানমন্ত্রী) রাজনৈতিক বিজয় হয়ে থাকলে এবং আপনি আত্মবিশ্বাসী হলে দেশে মধ্যবর্তী নির্বাচন দিয়ে জনমত যাচাই করুন।''
শনিবার যুক্তরাজ্য আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, "ব্রাহ্মণবাড়িয়ার আসনে আমরা জয়লাভ করেছি, তবে হবিগঞ্জে ১২০০ ভোটের ব্যবধানে আমরা হেরে গেছি। হবিগঞ্জের এই আসনে চিরকাল আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। আওয়ামী লীগের আসনে বিএনপির এ জয় আওয়ামী লীগের রাজনৈতিক বিজয়। আওয়ামী লীগ ভোট কারচুপিতে বিশ্বাস করে না।"
গত ২৭ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া-৩ ও হবিগঞ্জ-১ আসনের উপনির্বাচনের একটিতে আওয়ামী লীগ প্রার্থী এবং অন্যটিতে বিএনপি প্রার্থী জয়ী হয়। তবে প্রধান বিরোধী দল বিএনপির অভিযোগ, নির্বাচনে কারচুপি হয়েছে।
এর আগেও বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা মধ্যবর্তী নির্বাচনের দাবি জানিয়েছেন।
বিএনপির এই জেষ্ঠ নেতা প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের সমালোচনা করে বলেন, স্থানীয় প্রশাসনকে ব্যবহার করে সরকার ইচ্ছা করলেই নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণ করতে পারে- এটাই প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রমাণ হয়েছে। নইলে তিনি (শেখ হাসিনা) কীভাবে বলেন, হবিগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ পরাজিত হয়ে রাজনৈতিক বিজয় অর্জন করেছে।
তিনি অভিযোগ করেন, ব্রাক্ষণবাড়িয়া-৩ আসনে বিএনপির পক্ষে 'গণজোয়ার' সৃষ্টি হওয়ায় সরকার বিরোধী দলের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে ভোট ছিনতাই করেছে। হবিগঞ্জে চট্ট্রগ্রামের মতোই মানুষ 'নিবর ভোটবিপ্লব' ঘটিয়েছে বলে দাবি করেন তিনি।
নয়া পল্টনে দলের মহানগর কার্যালয়ের ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
বর্তমান সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রধানমন্ত্রীর দাবি নাকচ করে দিয়ে মোশাররফ বলেন, "উপনির্বাচনে ভোট কেন্দ্র থেকে বিরোধী দলের এজেন্ট বের করে নির্বাচন অনুষ্ঠানকে যদি সুষ্ঠু ও নিরপেক্ষ বলা হয়, তা হলে কারচুপির নির্বাচন কোনটি?''
যুক্তরাজ্য আওয়ামী লীগের ওই সম্মেলনে শেখ হাসিনা আরো বলেন, "বাংলাদেশে কেবল আওয়ামী লীগের শাসনামলেই স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হয়। এবারের নির্বাচনে সরকারি ও বিরোধী দল সমান সংখ্যক আসন লাভ করেছে।"
সংগঠনের সভাপতি অধ্যক্ষ সোহরাব উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হামিদুল্লাহ খান, মুক্তিযোদ্ধা দলের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম শফিউজ্জামান খোকন প্রমূুখ বক্তব্য রাখেন।
সভা পরিচালনা করেন সংগঠনের প্রচার সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরী মিলন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৪০ ঘ.
bdnews24