ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাগারে হত্যা মামলার আসামি ওসি রফিকুল ইসলামের প্রথম শ্রেণীর বন্দির (ডিভিশন) মর্যাদা বাতিল করেছে আদালত।
রোববার বিকালে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক মো. রেজাউল ইসলাম এ আদেশ দেন।
একইসঙ্গে মহানগর দায়রা জজের আদেশের কপিতে কারসাজি করে নকল সরবরাহ করার দায়ে মহানগর দায়রা জজ আদালতের তৎকালীন প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট আদালতে আদেশের কপি পাঠানো হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এসএম রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
এর আগে কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার তৌহিদুল ইসলাম সকালে আদালতে হাজির হয়ে কারাগারে ওসি রফিকের প্রথম শ্রেণীর বন্দির মর্যাদা ভোগ করার বিষয়ে ব্যাখ্যা দেন।
তিনি আদালতকে জানান, কারাবিধি অনুযায়ী ওসি রফিকের প্রথম শ্রেণীর মর্যাদা পাওয়ার অধিকার না থাকলেও মহানগর দায়রা জজ আদালতের আদেশের কারণে জেলা হাকিম তাকে মর্যাদা দেওয়ার সম্মতি দিয়েছিলেন।
এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, মহানগর আদালতের আদেশের 'কারাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের' নির্দেশনার অংশটি বাদ দিয়ে ঢাকার নিবার্হী হাকিম মিনাক্ষী বর্মনকে আদেশের কপি সরবরাহ করা হয়েছিলো।
ওসি রফিকের প্রথম শ্রেণীর মযার্দার সংক্রান্ত নথিতে দেখা যায়, তৎকালীন মহানগর দায়রা জজ মো. বশির উল্লাহ কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন।
রোববার এ মামলায় মোমিনের দুই ভাই রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন। বিচারক অপর সাক্ষীদের সাক্ষ্য শোনার জন্য দিন আগামী ৩ ফেব্র"য়ারি নির্ধারণ করেছেন।
গত ১৮ জানুয়ারি একই আদালত রফিকের প্রথম শ্রেণীর বন্দির মর্যাদা ভোগ করা সংক্রান্ত নথি আদালতে তলব করে।
কিন্তু এ ব্যাপারে কারা কর্তৃপক্ষের পাঠানো নথিতে সন্তুষ্ট না হয়ে আদালত ২৪ জানুয়ারি এক আদেশে কারাকর্তৃপক্ষকে পূর্ণাঙ্গ ব্যাখাসহ রোববার (৩০ জানুয়ারি) আদালতে হাজির হতে বলে।
কলেজছাত্র কামরুল ইসলাম মোমিন হত্যা মামলার আসামি ওসি রফিক কারাগারে প্রথম শ্রেণীর বন্দির মর্যাদা ভোগ করছেন- এই অভিযোগ এনে গত ১২ জানুয়ারি রাষ্ট্রপক্ষ কারণ দর্শানোর আদেশ চেয়ে আদালতে আবেদন করে।
পুলিশ কর্মকর্তা হিসেবে ওসি রফিক আগেও কারাগারে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পেয়েছেন, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়।
গত ৬ জানুয়ারি মামলার কার্যক্রম শুরুর আগে ওসি রফিককে আদালতের বারান্দায় দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলতে দেখা যায়। তখন তার হাতে হাতকড়াও ছিলো না। এক পর্যায়ে এজলাসে ঢুকে আইনজীবীদের আসনেই বসে পড়েন তিনি। এতে আইনজীবীদের মধ্যে অসন্তোষ দেখা দিলে বিশেষ পাবলিক প্রসিকিউটর রফিকুল ইসলাম কোর্ট হাজতের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা উপরিদর্শক হাবিবুর রহমানকে ডেকে সতর্ক করে দেন।
বন্দি আসামি হয়েও হাতকড়া ছাড়াই স্ত্রীর সঙ্গে আদালতপাড়ার কাঁচাবাজারেও দেখা যায় তাকে। সেই ছবি সংবাদপত্রেও ছাপা হয়। তবে বুধবার ওসি রফিককে হাতকড়া পরিয়েই আদালতে আনা হয়।
বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে জাসদ ছাত্রলীগের ঢাকা মহানগর কমিটির নেতা মোমিনকে ২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর উত্তর ইব্রাহীমপুরে তার বাসার সামনে খুন করে দুষ্কৃতকারীরা। ওই খুনের ঘটনায় কাফরুল থানার তৎকালীন ওসি রফিকুল ইসলামের সম্পৃক্ততা পাওয়া যায়।
গত ২ জানুয়ারি ওসি রফিক ও শীর্ষ সন্ত্রাসী হাবিবুর রহমান তাজের বিরুদ্ধে আদালতে নতুন করে অভিযোগ গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/জেকে/১৯০২ ঘ.
bdnews24