মানিকগঞ্জ, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জে বাড়ির সামনের সড়কে খেলা করার সময় ট্রাকের চাপায় নুরুল আমিন (৭) নামে এক শিশু মারা গেছে।
রোববার সকাল ৯টার দিকে সিঙ্গাইর উপজেলার দরিরাজ নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
সিঙ্গাইর থানার উপ-পরিদর্শক মো. শাজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে দরিরাজ নগর গ্রামের বজলুর রহমানের ছেলে নুরুল আমিন (৭) বাড়ির সামনে খেলছিলো। ওই সময় ইটবোঝাই একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
নুরুলের লাশ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ট্রাকচালক নুর মোহাম্মদকে আটক করেছে। এ বিষয়ে সিঙ্গাইর থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৪৪০ ঘ.
bdnews24