ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহৃত বাংলাদেশি জাহাজ এমভি জাহান মনি এবং এর ২৬ নাবিককে উদ্ধারে আন্তর্জাতিক সমুদ্র সংস্থার (আইএমও) সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আইএমও'র মহাসচিব ইফথিমিওস ই মিট্টোপোলস শনিবার লন্ডনে হোটেল হিলটনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি এ সহযোগিতা চান।
প্রধানমন্ত্রী প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
গত ৫ ডিসেম্বর ভারতের নিকটবর্তী একটি স্থান থেকে জাহাজটি অপহরণ করে সোমালি জলদস্যুরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচদিনের সরকারি সফরে বৃহস্পতিবার যুক্তরাজ্য পৌঁছান।
প্রেস সচিব বলেন, "এমভি জাহান মনি ও এর নাবিকদের অপহরণে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, 'বাংলাদেশ চায় নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আইএমও দস্যুতার এই প্রবণতা বন্ধ করুক।"'
"অনুরোধ পেলে সোমালিয়া এবং এর আশপাশে জলদস্যুতা দমনে নিয়োজিত টাস্কফোর্সে যোগ দেবে বাংলাদেশ," বলেন প্রধানমন্ত্রী।
বৈঠকে আইএমও মহাসচিব দেশের নাবিকদের আধুনিক প্রশিক্ষণ দেওয়াসহ বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প ও শিপ রিসাইকিং শিল্প বিকাশে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।
জবাবে প্রধানমন্ত্রী জাহাজের জন্য একটি সার্বিক নিয়ন্ত্রণ কাঠামো উদ্ভাবন ও বজায় রাখা, সামুদ্রিক পরিবহন খাতে জ্বালানি থেকে দূষণ নির্গমন হ্রাস, কারিগরি সহযোগিতা এবং শিপিং খাতে দক্ষতা বৃদ্ধিতে আইএম'র ভূমিকার প্রশংসা করেন।
পরে ইউরোপীয় পার্লামেন্টের লন্ডন বিষয়ক সদস্য ড. চার্লস টানোক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। বৈঠকে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ এবং এ ব্যাপারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, অ্যাম্বাসেডর এট লার্জ এম জিয়াউদ্দীন, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার ড. সাঈদুর রহমান খান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২১৫০ ঘ.
bdnews24