২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক পথিক সাহা মারা গেছেন

সাংবাদিক পথিক সাহা আর নেই। শনিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2011, 03:31 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক পথিক সাহা আর নেই। শনিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। পথিক সাহার ভগ্নিপতি ও সাংবাদিক আশিষ কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ভোরে লালমাটিয়ার বাসায় অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নেওয়ার পথে সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। পথিক সাহার বয়স হয়েছিলো ৪৫ বছর। তিনি এক ছেলে রেখে গেছেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দুই বার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। তিনি বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রতিবেদক ছিলেন। পথিক সাহার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি শোক প্রকাশ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম'র টাঙ্গাইল প্রতিনিধি জানান, পথিক সাহার অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শনিবার সন্ধ্যায় শোক সভা করে টাঙ্গাইল প্রেসক্লাব। সাংবাদিকতা পেশায় আসার আগে ছাত্র আন্দোলনে সম্পৃক্ত ছিলেন পথিক। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তবে '৯০ পরবর্তীতে ছাত্র ইউনিয়ন ভাঙার পেছনে পথিককেও দায়ী করা হয়। ওই সময় মূলধারার বাইরে গিয়ে সংগঠনটির আরেকটি কমিটি গঠন করা হয়েছিলো, যাতে পথিক সাধারণ সম্পাদক হন। সাংবাদিকতার পাশাপাশি রাজনৈতিক আন্দোলনেও সম্পৃক্ত ছিলেন পথিক। তিনি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন। পথিকের মরদেহ সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে সাংবাদিক নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পথিকের প্রতি শেষ শ্রদ্ধা জানায়। রাজনৈতিক নেতাদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়েদুল কাদের, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ প্রমুখ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআমস আরেফিন সিদ্দিকও ছিলেন সেখানে। সাংবাদিক নেতাদের মধ্যে ছিলেন আলতাফ মাহমুদ, মঞ্জুরুল আহসান বুলবুল, শাহজাহান সরদার, আলমগীর হোসেন, মোশতাক হোসেন, জামালউদ্দিন প্রমুখ। রিপোর্টার্স ইউনিটি থেকে পথিকের মরদেহ দুপুর ১২টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে শ্রদ্ধা জানানো পর মরদেহ নেওয়া হবে তার কর্মস্থল বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে। আশিষ জানান, মানিকগঞ্জের গড়পাড়া গ্রামে পথিক সাহার পৈত্রিক বাড়িতে শেষ শ্রদ্ধা জানানোর পর তাকে সেখানেই দাহ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/পিডি/১৯৫৪ ঘ.