ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের মালবাহী একটি ট্রাক উল্টে তিন জন নিহত হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম ও যশোরে দুর্ঘটনায় মারা গেছে আরো দুজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সুনামগঞ্জ প্রতিনিধি জানান, শুক্রবার সকাল ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সুনামগঞ্জে-সিলেট মহাসড়কের শান্তিগঞ্জ পুলিশ ফাঁড়ি ও সরকারি সরকারি মৎস্য হ্যাচারির মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টিপু (৩০), আব্বাস (২৫) ও রানা (২৪)।
মহাসড়ক (হাইওয়ে) পুলিশের দক্ষিণ জয়কলস ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা আবুল হাসনাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিলেট থেকে পণ্যবাহী একটি ট্রাক ঝিনাইদহ থেকে পণ্য নিয়ে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা আসছিলো।
দক্ষিণ সুনামগঞ্জ পুলিশ ফাঁড়ি ও শান্তিগঞ্জ সরকারি মৎস্য হ্যাচারির কাছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই ট্রাকচালক টিপু, হেলপার আব্বাস এবং ট্রাকে থাকা পণ্যের কেয়ারটেকার রানা ঘটনাস্থলেই মারা যায় বলে পুলিশ জানায়।
লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, টিপু ও আব্বাসের বাড়ি ঝিনাইদহ উপজেলায়। রানার বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায়।
চট্টগ্রাম অফিস জানান, শুক্রবার সকাল ১০টার দিকে নগরীর কোতোয়ালি থানার টাইগার পাস মোড়ে বাসচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত বিজয় (৫) ও তার নানী আলেয়া বেগম গাড়িতে ওঠার জন্য টাইগার পাস মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এসময় একটি বাস তাদের চাপা দেয় বলে পুলিশ জানিয়েছে।
বিজয় দেওয়ানহাটের সাবের সওদাগর কলোনির আবুল কালামের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনার পর বিজয়কে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আলেয়া হাসপাতালে চিকিৎসাধীন।
বেনাপোল (যশোর) প্রতিনিধি জানান, যশোর-সাতক্ষীরা সড়কের বাগআচড়া বাজারে শুক্রবার সকাল ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় কাওসার আলী নামে এক জন নিহত এবং অন্য তিন জন আহত হয়েছে।
বাগআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাতক্ষীরাগামী একটি ট্রাক বাগআচড়া নার্সিং হোমের সামনে একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক কাওসার (৩০) ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় ভ্যানারোহী তিন জন।
কাওসার সাতমাইল গ্রামের কেরামত আলীর ছেলে। আহতরা হলেন- শার্শা উপজেলার গোগা গ্রামের নুর হোসেনের স্ত্রী মাজেদা খাতুন (৪০), বাগআচড়ার আলতাফ হোসেনের স্ত্রী লাইলী বেগম (৫০) এবং মোহাম্মদ আলীর ছেলে হবিবর রহমান (৪২)। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্রাকটিকে পুলিশ আটক করেছে, তবে চালক পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এমআই/১৩২৪ ঘ.
bdnews24