ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারের দুই বছরের মাথায় দেশজুড়ে হয়ে গেলো পৌর নির্বাচন। পর্যায়ক্রমে পাঁচদিনে সারা দেশের ২৫৪টি পৌরসভায় নির্বাচন শেষ হয়েছে। গোলযোগের কারণে কয়েকটি স্থানে ভোট স্থগিত করা হলেও সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া ফলে সরকারি দল আওয়ামী লীগের চেয়েও সামন্য ব্যবধানে এগিয়ে আছে প্রধান বিরোধীদল বিএনপি সমর্থিত প্রার্থীরা। দুটি দলই 'বিদ্রোহী' প্রার্থীদের নিয়ে বিব্রতকর পরিস্থিতে পড়ে। যে কারণে অনেক বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কারও করা হয়।
নির্বাচন হওয়া ২৫৪টি পৌরসভার মধ্যে গোলযোগের কারণে একটি পৌরসভায় ভোট বাতিল এবং ছয়টি পৌরসভার ২৫টির বেশি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়। এছাড়া কয়েকটি কেন্দ্রের ফল ঘোষণা স্থগিত আছে।
ফল ঘোষণা করা ২৪৭টি পৌরসভার মধ্যে প্রধান বিরোধীদল বিএনপি সমর্থিত প্রার্থীরা ৯৬ পৌরসভায় নির্বাচিত হয়েছেন। অপরদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিতরা জিতেছেন ৯৪টি পৌরসভায়। দুই দলের ব্যবধান ২।
এই দুই দলের বিদ্রোহীদের মধ্যে আওয়ামী লীগের ২১ এবং বিএনপির নয়জন মেয়র নির্বাচিত হয়েছেন।
তবে দল দুটির শরিকরা পিছিয়ে আছে নির্দলীয় প্রার্থীদের চেয়ে। নির্দলীয় প্রাথীরা যেখানে ১৮টি পৌরসভায় বিজয়ী হয়েছেন, সেখানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক জাতীয় পার্টি (এরশাদ) সমর্থিত প্রার্থীরা দুটি এবং বিএনপির জোট শরিক জামায়াতের ৬ জন মেয়র হয়েছেন।
এই দলগুলোর বাইরে লিবারেল ডেমোক্রেটিক পার্টি সমর্থিত প্রার্থী একটি মাত্র পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন।
ধারাবাহিক নির্বাচনের ফল পর্যালোচনায় দেখা যায়, আওয়ামী লীগ তিন দিন ও বিএনপি দুদিন করে এগিয়ে ছিলো। বিভাগীয় ফলের দিকে থেকে আওয়ামী লীগ এগিয়ে আছে শুধু বরিশাল ও ঢাকায়। অন্যদিকে রংপুর, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগে এগিয়ে আছে বিএনপি। চট্টগ্রামে দুই দলই রয়েছে সমান অবস্থানে।
আওয়ামী লীগ সমর্থীতরা পেয়েছে- বরিশালে ১৫, ঢাকায় ২৯, রংপুরে ৭, রাজশাহীতে ১১, খুলনায় ৯, সিলেটে ৬ ও চট্টগ্রামে ১৭টি পৌরসভা।
বিএনপি সমর্থীতরা পেয়েছে- বরিশালে ১, ঢাকায় ২৩, রংপুরে ৯, রাজশাহীতে ২৪, খুলনায় ১৩, সিলেটে ৯ ও চট্টগ্রামে ১৭টি পৌরসভা।
সবচেয়ে বেশি আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী জিতেছেন খুলনায় ৭। এর পরে আছে ঢাকায় ৬, রাজশাহীতে ৫, চট্টগ্রামে ২ ও সিলেটে একজন।
সবচেয়ে বেশি বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী জিতেছেন রাজশাহী ও খুলনায় তিনজন করে। একজন করে রয়েছেন রংপুর, ঢাকা ও চট্টগ্রামে।
সারা দেশে ৩০৯টি পৌরসভার মধ্যে গত ২ ডিসেম্বর ২৬৯ পৌরসভার তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সিটি করপোরেশন ঘোষণা, মেয়াদ উত্তীর্ণ না হওয়া ও আইনি জটিলতার কারণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুরোধে কয়েকটি পৌরসভাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়। আরো কয়েকটি অন্তর্ভুক্ত করা হয়।
এ কারণে নির্বাচনযোগ্য পৌরসভার সংখ্যা দাঁড়ায় ২৫৭। কিন্তু আদালতের নিষেধাজ্ঞাসহ বিভিন্ন কারণে তিনটি পৌরসভায় নির্বাচন স্থগিত রাখা হয়।
তফসিল অনুযায়ী ১২ থেকে ১৮ জানুয়ারি চারদিনে ২৪২টি পৌরসভা এবং বৃহস্পতিবার ১২টিতে নির্বাচন শেষে হয়েছে।
এর মধ্যে গোলযোগের কারণে নোয়াখালীর সেনবাগ পৌরসভায় ভোট স্থগিত করা হয়।
এছাড়া চট্টগ্রাম ও ঢাকা বিভাগের সাতটি পৌরসভার নির্বাচনের ফল ঘোষণা স্থগিত রয়েছে।
বৃহস্পতিবার ভোট শেষ হওয়ার পর নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, "এবার অত্যন্ত ভালো নির্বাচন হয়েছে। আমরা খুবই খুশি।"
বিএনপি পাঁচদিনই কারচুপি, অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগ তোলে। তারা ১৮টি পৌরসভায় পুনর্নির্বাচন দাবি করেছে।
এর মধ্যে পাঁচটি পৌরসভায় নির্বাচনে গোলোযোগ ও ব্যালট ছিনতাইয়ের অভিযোগ খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে ইসি।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে। এর এক মাসের মাথায় উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফলেও মহাজোট সমর্থিতদের একচ্ছত্র আধিপত্য ছিল।
বৃহস্পতিবার ১২টি পৌরসভায় নির্বাচন
পুনঃতফসিল করা ১২টি পৌরসভার নির্বাচনে ছয়টিতে আওয়ামী লীগ এবং তিনটিতে বিএনপি সমর্থিত প্রার্থীরা মেয়র নির্বাচিত হয়েছেন।
এছাড়া একটি পৌরসভায় আওয়ামী লীগের 'বিদ্রোহী', একটিতে জামায়াতে ইসলামী সমর্থিত এবং একটিতে নির্দলীয় প্রার্থী মেয়র নির্বাচিত হন।
শরীয়তপুরে জাজিরা, মাদারীপুর সদর, ভোলার চরফ্যাশন, মাগুরা সদর, ফেনীর দাগনভূঞা ও কক্সবাজারের টেকনাফ পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা।
কক্সবাজারের মহেশখালী পৌরসভায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী।
বিএনপি সমর্থিত প্রার্থী নির্বাচিত হয়েছেন নরসিংদীর মাধবদী, কক্সবাজারের চকোরিয়া ও দিনাজপুরের পার্বতীপুর পৌরসভায়।
এছাড়া কক্সবাজার সদরে জামায়াতে ইসলামী সমর্থিত ও নেত্রকোনার মদন পৌরসভায় নির্দলীয় প্রার্থী বিজয়ী হয়েছেন।
চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রাম বিভাগে সরকারি দল সমর্থিত প্রার্থীরা ১৫ এবং বিএনপি সমর্থিত প্রার্থীরা ১৬টি পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন।
এই বিভাগে আওয়ামী লীগ ও বিএনপি একজন করে বিদ্রোহী প্রার্থীও বিজয়ী হয়েছেন।
১৮ জানুয়ারির নির্বাচনে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া, বারৈয়ারহাট, মিরসরাই, সন্দ্বীপ, পটিয়া ও বাঁশখালী; নোয়াখালীর বসুরহাট, চৌমুহনী ও চাটখিল; ফেনী সদর ও পরশুরাম; কুমিল্লার চৌদ্দগ্রাম, চাঁদপুরের ছেংগারচর; লক্ষ্মীপুর সদর ও রামগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন।
নোয়াখালীর হাতিয়া পৌরসভায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী।
বিএনপি সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের রাউজান ও সাতকানিয়া; ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া; কুমিল্লা জেলার চান্দিনা, দাউদকান্দি, বরুড়া; চাঁদপুরের হাজীগঞ্জ, শাহরাস্তি, কচুয়া, মতলব; লক্ষ্মীপুরের রায়পুর, রামগতি; খাগড়াছড়ি জেলার মাটিরাঙা; বান্দরবান সদর ও লামা এবং রাঙামাটি পৌরসভায়।
চাঁদপুরের ফরিদগঞ্জে বিজয়ী হয়েছেন বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী।
এছাড়া চট্টগ্রামের চন্দনাইশে এলডিপি সমর্থিত প্রার্থী এবং খাগড়াছড়ি সদর এবং কুমিল্লার লাকসাম ও হোমনায় নির্দলীয় প্রার্থী জয়ী হয়েছেন।
নোয়াখালীর সেনবাগ পৌরসভায় নির্বাচন গোলোযোগের কারণে স্থগিত করা হয়েছে। এছাড়া নোয়াখালী সদর, কবিরহাট, কুমিল্লার নাঙ্গলকোট ও ফেনীর সোনাগাজী পৌরসভার ফল স্থগিত রাখা হয়েছে।
সিলেট বিভাগ
সিলেট বিভাগে ১৮ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ছয়জন এবং বিএনপি সমর্থিত নয়জন মেয়র নির্বাচিত হয়েছেন।
বিএনপির কোনো 'বিদ্রোহী' প্রার্থী না জিতলেও সরকারি দলের 'বিদ্রোহী' একজন মেয়র হয়েছেন।
সিলেট জেলার কানাইঘাট ও জকিগঞ্জ পৌরসভা এবং সুনামগঞ্জ সদর, ছাতক ও দিরাই; হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন।
হবিগঞ্জের মাধবপুরে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।
বিএনপি সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার জেলার সদর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া, ও বড়লেখা; সুনামগঞ্জের জগন্নাথপুর এবং হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট পৌরসভায়।
ঢাকা
১৭ জানুয়ারির নির্বাচনে ঢাকা বিভাগের ১৭ জেলায় ৬৩টি পৌরসভায় নির্বাচনের পর রাত একটা পর্যন্ত ৬১টির বেসরকারি ফল ঘোষিত হয়েছে। এর মধ্যে ২৭টিতে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবং ২২টিতে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
এছাড়া ৬ পৌরসভায় আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী, একটিতে বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী এবং ৫টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। আটটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করায় গাজীপুরের কালিয়াকৈর এবং ৯টি কেন্দ্রের মধ্যে ১টির ভোট গণনা স্থগিত করায় টাঙ্গাইলের ঘাটাইলের ফল স্থগিত রয়েছে।
বরিশাল ও খুলনা
১৩ জানুয়ারি বরিশাল ও খুলনা বিভাগের ৪৯ পৌরসভার নির্বাচনে ২২ পৌরসভায় মেয়র পদে সরকার সমর্থিতরা নির্বাচিত হয়েছেন। ১৪ পৌরসভায় জিতেছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা।
বরিশাল বিভাগের ছয় জেলার ১৯ পৌরসভায় ক্ষমতাসীন দলের সমর্থিত মেয়র নির্বাচিত হয়েছেন ১৪ পৌরসভায়। বিরোধীদল সমর্থিত প্রার্থী মাত্র একটি পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন।
খুলনা বিভাগে ৩০ পৌরসভার মধ্যে ১৩ পৌরসভায় বিএনপি সমর্থিত আর আট পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন।
তিনজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ 'বিদ্রোহী' সাতজন ও বিএনপির 'বিদ্রোহী' পাঁচজন প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন।
রাজশাহী ও রংপুর
পৌর নির্বাচনের প্রথম দিন ১২ জানুয়ারি এ দুই বিভাগের ৭২ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিরোধীদল বিএনপি সমর্থিত ৩২ প্রার্থী নির্বাচিত হন। ১৮ পৌরসভায় জিতেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা।
চার পৌরসভায় বিএনপি'র বিদ্রোহী প্রার্থী ও পাঁচ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হন।
এছাড়া স্বতন্ত্র ছয়জন, জামায়াত সমর্থিত পাঁচজন ও জাতীয় পার্টি সমর্থিত দুজন মেয়র নির্বাচিত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/জেকে/০১৫৪ ঘ.
bdnews24