সাভার, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেকলবন্দী অবস্থায় ৩০ জনকে উদ্ধারের পর ম্যাজিস্ট্রেটের নির্দেশে সাভারের একতা ব্রিক ফিল্ড বাজেয়াপ্ত করে সেটি ভাঙার কাজ শুরু হয়েছে।
এ ঘটনায় ইটভাটার মালিক ও কর্মচারীসহ ১০ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে আশুলিয়া থানায়।
ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ভাটা ও ইট বাজেয়াপ্ত ঘোষণা করেন এবং ওই ভাটার চিমনি ডিনামাইট দিয়ে ধ্বংস করার নির্দেশ দেন।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার তারাগ্রামে একতা ব্রিক ফিল্ড থেকে শিশু ও নারীসহ ৩০ জনকে উদ্ধার করে র্যাব।
উদ্ধারকৃতরা অভিযোগ করে, দিনে তাদের দিয়ে ইট ভাটায় কাজ করানো হতো। কাজ শেষে তাদের শেকলে বেঁধে একটি ঘরে আটকে রাখা হতো। দিনে দুবার খেতে দিলেও তা ছিল পরিমাণে একেবারেই কম।
কেউ পালানোর চেষ্টা করলে শারীরিকভাবে নির্যাতন করা হতো বলেও অভিযোগ করেছেন তারা।
এ ঘটনায় ইটভাটার ব্যবস্থাপক সুলতান মোহাম্মদ রতন ও শ্রমিক সর্দার হোসেন গাজীকে বুধবার রাতেই গ্রেপ্তার করে র্যাব। ঘটনাস্থল থেকে লাঠিসোটাসহ কিছু দেশি অস্ত্রও উদ্ধার করা হয়।
ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছান। তিনি ওই ইট ভাটা বাজেয়াপ্ত করার ঘোষণা দিয়ে সেটি ভেঙে ফেলার নির্দেশ দেন।
তার নির্দেশে পুলিশ ও র্যাবের উপস্থিতিতে প্রায় ২০ জন শ্রমিক ভাঙার কাজ শুরু করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই ইট ভাটার কোনো লাইসেন্স নেই। ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন-১৯৮৯ এর ৪ নম্বর ধারা লঙ্ঘন করেছে তারা।"
একতা ব্রিক ফিল্ডে ১ লাখ পোড়ানো ও ৮ লাখ কাঁচা ইট রয়েছে জানিয়ে তিনি বলেন, "সব ইট বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে।"
তিনি জানান, শুক্রবারের মধ্যে নিলাম ডেকে ইট বিক্রি করার জন্য আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলামকে নির্দেশ দেওয়া হয়েছে। ইট বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে চালানের কপি আদালতে জমা দিতে বলা হয়েছে ওই পুলিশ কমকর্তাকে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইট ভাটার জমি পুলিশ হেফাজতে থাকবে। জমিতে কেউ আসতে পারবে না।
ম্যাজিস্ট্রেট বলেন, "ইট বিক্রির অর্থ দিয়ে ডিনামাইট কিনে ইট ভাটার চিমনিটি ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে।"
এছাড়া আশুলিয়া থানার ওসিকে শুক্রবারের মধ্যে ইট পোড়ানো আইনে একটি মামলা করারও নির্দেশ দিয়েছেন তিনি।
এর আগে ওই ইট ভাটা থেকে উদ্ধার করা ৩০ জন ও আটক দুইজনকে বেলা ১২টার দিকে আশুলিয়া থানায় সোপর্দ করে র্যাব।
এছাড়া নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগে ইট ভাটার আট মালিক ও আটক দুই কর্মচারীর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে। ইটভাটা থেকে উদ্ধার হওয়া শ্রমিক মান্দার ও শহীদুলের খালাত ভাই বিল্লাল হোসেন বৃহস্পতিবার দুপুরে এ মামলা দায়ের করেন।
একতা ব্রিক ফিল্ডের মালিকেরা হলেন- হজরত আলী, জাহিদুল, জালাল, সুজন, বাবুল, বাসেদ, সাজেদুল, হায়েল। তাদের সবার বাড়ি আশুলিয়ায়।
মালার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েনিটফোর ডটকমকে বলেন, "আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আটক দুইজনকে মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।"
বুধবার রাতে ইট ভাটা থেকে নারী ও শিশুসহ ৩০ জনকে উদ্ধার করার পর র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার এম সোহায়েল সাংবাদিকদের জানান, পায়ে শেকল বেঁধে এই মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানো হতো। তাদের ঠিকমতো খাবারও দেওয়া হতো না। ইটভাটার মালিকদের মধ্যে এক জনের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে, যা দিয়ে শ্রমিকদের ভয় দেখানো হতো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/জেকে/১৭৩৭ ঘ.
bdnews24