ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারিক কার্যক্রম ব্যাহত করে- এমন কর্মসূচি থেকে বিরত থাকতে আইনজীবীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে সুপ্রিম কোর্ট বলেছে, সর্বোচ্চ আদালতের কার্যক্রমকে বাধাগ্রস্ত করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার সকালে আদালত বর্জন করে বিএনপি সমর্থক আইনজীবীদের বিক্ষোভের পর দুপুরে সুপ্রিম কোর্ট এ প্রজ্ঞাপন জারি করে।
বিচার কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এরকম যেকোনো কর্মসূচি শাস্তিযোগ্য অপরাধের পর্যায়ে পড়ে- উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়, "আদালতের বিচারিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনার স্বার্থে এরকম যেকোনো কার্য বা কর্মসূচি হতে বিরত থেকে আদালতের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।"
আদালতের ভাবমূর্তি ও মর্যাদা বজায় রাখার স্বার্থে এ বিষয়ে সংশ্লিষ্টদের সহযোগিতাও চাওয়া হয় ওই প্রজ্ঞাপনে।
এর আগে দৈনন্দিন কার্যতালিকায় হস্তক্ষেপ ও আইনজীবীদের সম্পর্কে 'অপমানজনক' মন্তব্যের প্রতিবাদ ও বেঞ্চ পুনর্গঠনের দাবিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত প্রধান বিচারপতির আদালত বর্জন করে বিক্ষোভ করে।
অবশ্য বিক্ষোভের মধ্যেও সকাল ৯টা ২০ মিনিটে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ আদালতের কার্যক্রম শুরু করে। দিনের কার্যতালিকায় যাওয়ার আগে আইনজীবীদের কর্মসূচি নিয়ে কথা বলে আদালত।
এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিক্ষোভ কর্মসূচির বিষয়ে সুপ্রিম কোর্ট বলে, ভবিষ্যতে আদালত প্রাঙ্গণে এ ধরনের কর্মসূচি মেনে নেওয়া হবে না।
সমিতির নেতৃত্বে এখন বিএনপি সমর্থকরা রয়েছে।
কর্মসূচিতে বিএনপি সমর্থক আইনজীবীরা অংশ নিলেও সরকার সমর্থক আইনজীবীরা তা প্রত্যাখ্যান করে ওই সময় আদালত কার্যক্রমে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৬৪২ ঘ.
bdnews24