২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিপূর্ণ ভোট হলো, গণনা চলছে

কোনো ধরনের গোলযোগ ছাড়াই জাতীয় সংসদের হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে উপনির্বাচন এবং ১২টি পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। তবে উপনির্বাচনে কয়েকটি কেন্দ্রে অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 10:16 AM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনো ধরনের গোলযোগ ছাড়াই জাতীয় সংসদের হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে উপনির্বাচন এবং ১২টি পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। তবে উপনির্বাচনে কয়েকটি কেন্দ্রে অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। তবে এই সময়ের মধ্যে যারা কেন্দ্রে ঢুকেছেন, তাদের ভোট নেওয়ার নির্দেশনা নির্বাচন কমিশনের (ইসি) রয়েছে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনাও শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশনের উপসচিব (নির্বাচন) মিহির সারওয়ার মোর্শেদ ভোটগ্রহণ শেষ হওয়ার পর ইসি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। কোনো ধরনের গোলযোগ হয়নি। তবে কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ ওঠার পর ইসি ত্বরিত ব্যবস্থা নিয়েছে বলে জানান তিনি। কোনো কেন্দ্রের ভোট স্থগিত কিংবা বাতিল হয়নি বলেও জানান তিনি। আওয়ামী লীগের সংসদ সদস্য দেওয়ান ফরিদ গাজীর মৃত্যুতে হবিগঞ্জ-১ এবং লুৎফুল হাই সাচ্চুর মৃত্যুতে ব্রাক্ষণবাড়িয়া-৩ আসন দুটি শূন্য হয়। হবিগঞ্জ-১ আসনে উপ-নির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- আওয়ামী লীগের ডা. মো. মুশফিক হুসেন চৌধুরী, বিএনপির শেখ সুজাত মিয়া, জাতীয় পার্টির (এ) মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের অ্যাডভোকেট মনমোহন দেবনাথ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলনা আব্দুল মালিক চৌধুরী ও খেলাফত মসলিসের শাইখ আব্দুল কাইয়ূম। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- আওয়ামী লীগের র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, বিএনপির মো. খালেদ হোসেন মাহবুব, জাতীয় পার্টির (এ) মো. রেজাউল ইসলা ভুইয়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) মো. ইউনুস মিয়া এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়াজুল করিম। অন্যদিকে আইনি জটিলতা কারণে ১২টি পৌরসভায় এদিন নির্বাচন হলো। পৌরসভাগুলো হলো- দিনাজপুরের পার্বতীপুর, মাগুরা জেলার সদর, ভোলার চরফ্যাশন, নরসিংদী জেলার মাধবদী, শরীয়তপুরের জাজিরা, নেত্রকোনার মদন, মাদারীপুর সদর, ফেনীর দাগনভুঞা ও কক্সবাজার সদর, মহেশখালী, চকরিয়া ও টেকনাফ। বিএনপি সেনা মোতায়েনের দাবি জানিয়ে এলেও এ নির্বাচনে সেনাবাহিনী পায়নি ইসি। বিএনপির অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়ার তিনটি এবং হবিগঞ্জের চারটি কেন্দ্রে তাদের প্রার্থীর এজেন্টকে বের করে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা জাল ভোট দিয়েছে। পৌরসভাগুলোর মধ্যে কক্সবাজার সদর ও চকরিয়ায় কেন্দ্র দখল হয়েছে বলে দাবি করেছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৬১৬ ঘ.