২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ মহাসড়ক চার লেনে করার চুক্তি

জয়দেবপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত মহাসড়ককে চার লেনে উন্নীত করার কাজের ঠিকাদারি ও তত্ত্বাবধানকারী পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 09:34 AM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়দেবপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত মহাসড়ককে চার লেনে উন্নীত করার কাজের ঠিকাদারি ও তত্ত্বাবধানকারী পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের সভাকক্ষে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আজিজুর রহমান ঠিকাদারি ও পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে চুক্তিপত্রে সই করেন। এ সময় যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং সড়ক ও রেলপথ বিভাগের সচিব মোজাম্মেল হক খান উপস্থিত ছিলেন। জয়দেবপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত ৮৭ দশমিক ১৮ কিলোমিটার মহাসড়ককে চারটি প্যাকেজে ভাগ করা হয়েছে। এ কাজের জন্য মোট ব্যয় হবে ৯০৪ কোটি ৯৭ লাখ ৬১ হাজার টাকা। তবে এ মহাসড়কের কাজের জন্য একনেক-এ ৯০২ কোটি ২২ লাখ ৩৭ হাজার টাকা বরাদ্দ হয়েছে। বাকি টাকা যোগাযোগ মন্ত্রণালয়ের নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হবে বলে জানান যোগাযোগমন্ত্রী। বৃহস্পতিবার এরমধ্যে দু'টি প্যাকেজের কাজের জন্য ঠিকাদারদের সঙ্গে চুক্তি হয়। প্যাকেজ ৩-এ মাওনা থেকে রায়মনি পর্যন্ত ২৯ দশমিক ৬০ কিলোমিটারের জন্য এমবিইসি-পিবিএল এবং প্যাকেজ ৪-এর রায়মনি থেকে ময়মনসিংহ পর্যন্ত ২৭ দশমিক ৩২৯ কিলোমিটার সড়কের এমসিসিসি-এসইএল-টিওএমএ যৌথ বিনিয়োগকারী প্রতিষ্ঠান ঠিকাদার নিযুক্ত হয়েছে। প্যাকেজ ১-এ জয়দেবপুর থেকে রাজেন্দ্রপুর পর্যন্ত ১২ দশমিক ৬৫ কিলোমিটার এবং প্যাকেজ ২-এ রাজেন্দ্রপুর থেকে মাওনা পর্যন্ত ১৭ দশমিক ৬০ কিলোমিটার সড়কের জন্য এইচআরবিসি-ইন্ট্রাকো (বিডি) ঠিকাদার নিযুক্ত হয়েছে। এ দুটি প্যাকেজের ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে পরবর্তীতে চুক্তি সই করা হবে বলে জানান প্রধান প্রকৌশলী আজিজুর রহমান। এছাড়া তত্ত্ববধানকারী পরামর্শক নিযুক্ত হয়েছে দি লুই বারগার গ্র"প ইনকরপোরেট ইউএসএ এবং বিসিএল বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৫৩০ ঘ.