ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাইভারসিটি ভিসা (ডিভি ভিসা) লটারি জেতার প্রতারণামূলক ই-মেইল বার্তার বিষয়ে সতর্ক করে দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
মঙ্গলবার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিভি ভিসা সংক্রান্ত ঘোষণাবলী ই-মেইলে পাঠানো হয় না।
কতিপয় মহল নিজেদের যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর বা 'ডিভি ভিসা' লটারি বা 'গ্রিন কার্ড' বিষয়ক মধ্যস্থতাকারী দাবি করে বাংলাদেশি নাগরিকদের ক্ষতিকারক ও প্রতারণামূলক ই-মেইল পাঠানোর খবরে দূতাবাস উদ্বেগ প্রকাশ করেছে।
এ ধরনের ই-মেইলের কোনো উত্তর না দিতে এবং তাদের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে ওই বিজ্ঞপ্তিতে সতর্ক করে দেওয়া হয়েছে।
ডিভি ভিসা লটারিতে অংশগ্রহণকারীরা www.dvlottery.state.gov এই ওয়েবসাইটে গিয়ে তাদের অনলাইন আবেদনের অবস্থা জানতে পারবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/এইচএ/০০০০ ঘ.
bdnews24