ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারদলীয় সাংসদ নূরন্নবী শাওনের পিস্তলের গুলিতে যুবলীগকর্মী ইব্রাহিম আহমেদ হত্যার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আবারো পিছিয়েছে।
মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার খন্দকার আবদুল হালিম প্রতিবেদন জমা দিতে পারেননি।
মহানগর হাকিম কণিকা বিশ্বাস আগামী ১৬ মার্চ তা দাখিলের দিন ধার্য্য করেন।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের পুলিশের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আলতাফ হেসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ নিয়ে তদন্ত প্রতিবেদনে দাখিলের দিন চতুর্থবার পিছিয়ে গেল।
গত বছরের ১৩ অগাস্ট ভোলা-৩ আসনের সরকার দলীয় সাংসদ নূরুন্নবী চৌধুরি শাওনের পিস্তলের গুলিতে যুবলীগ নেতা ইব্রাহীম আহমেদ নিহত হন।
এ মামলায় ওই দিনই শাওনের গাড়ি চালক কালা শেরে বাংলা নগর থানায় অপমৃত্যুর মামলা করেন।
পরে ইব্রাহিমের ভাই মাসুম আহমেদ শাওনসহ আটজনকে আসামি করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হত্যা মামলা করেন।
এ ছাড়া গত বছরের ১ সেপ্টেম্বর মহানগর গেয়েন্দা পুলিশের সহকারী কমিশনার শাহ মো. মশিউর রহমান একই ঘটনায় শেরেবাংলা নগর থানায় আরো একটি হত্যা মামলা করেন।
একই বছরের ১২ অক্টোবর নূরুন্নবী চৌধুরী শাওনের সহযোগী মাজহারুল ইসলাম মিঠু, গোলাম মোস্তফা শিমুল, ব্যক্তিগত সহকারী সোহেল আহমেদের জামিন আবেদন নাকচ করে ঢাকার মহানগর দায়রা জজ আদালত। তাদেরকে বিভিন্ন মেয়াদে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/পিডি/১৯০৫ ঘ.
bdnews24