রাঙামাটি, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসীদের দমনে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের একজন সেনা কর্মকর্তা।
সোমবার রাঙামাটিতে এক অনুষ্ঠানে চট্টগ্রাম সেননিবাসের ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার ইন কমান্ড (জিওসি) মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দীন বলেন, পার্বত্য চট্টগ্রামের শান্তি, উন্নয়ন ও জনগণের নিরাপত্তার স্বার্থে সন্ত্রাসীদের ধরতে অভিযান পরিচালনা করা হবে।
যারা সন্ত্রাস, চাদাঁবাজি, খুন ও অপহরণ করছে তাদের রেহাই দেওয়া হবে না। তাদেরকে সমূলে নির্মূল করা হবে।
শুক্রবার রাঙামাটির জুরাছড়ি ও কাপ্তাই এলাকায় দুটি দলের মধ্যে বন্দুকযুদ্ধে কয়েকজন নিহত হয়।
পার্বত্য শান্তিচুক্তির পক্ষের জনসংহতি সমিতি ও বিপক্ষের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর অস্ত্রধারীদের মধ্যে এই সংঘাত হয়েছে বলে স্থানীয়রা জানায়।
এর আগেও দুটি পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।
রাঙামাটির বরকল উপজেলায় ৫০ কিলোওয়াট ক্ষমতার পানি বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধনকালে সেনা কর্মকর্তা মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দীন অভিযান চালানোর কথা বলেন।
রাঙামাটির বরকলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ২৬ ব্যাটালিয়নের তত্ত্বাবধানে এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। ওনটেক পাওয়ার সিস্টেম কেন্দ্রটি নির্মাণ করেছে।
প্রাথমিকভাবে ৫০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হলেও পরবর্তীতে সর্বোচ্চ ২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে বলে প্রকল্প কর্তৃপক্ষ জানায়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিজিবির রাঙামাটি সেক্টরের ভারপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবেদীন, বরকল ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সাইয়েদিস সাকলায়েন, ওনটেক পাওয়ার সিষ্টেম কোম্পানির স্বত্ত্বাধিকারী কে এম নজরুল ইসলাম নান্নু, বরকল উপজেলার ভাইস চেয়ারম্যান কমল জ্যোতি চাকমা প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩০৬ ঘ.
bdnews24