ঢাকা,জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাড্ডা নতুন রাস্তা এলাকায় ছিনতাইকারীদের ছুরিতে দুই গার্মেন্ট কর্মী আহত হয়েছেন।
রোববার ভোরে নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহত আলামিন (১৮) ও হেলাল উদ্দিন (২৪) হা-মীম গার্মেন্টে কাজ করেন বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আলামিনের ডান হাতে আর হেলালের বুকে ছুরির আঘাত লেগেছে।"
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আলামিন সাংবাদিকদের জানান, তারা দুজন পায়ে হেঁটে বাস স্টেশনের দিকে যাচ্ছিলেন। নতুন বাজার স্কুলের সামনে পৌঁছানোর পর চার-পাঁচজন যুবক তাদের পথরোধ করে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তারা বাধা দিলে ছিনতাইকারীরা ছুরি মেরে দুজনের মোবাইল ফোন ও টাকা নিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৬৩৩ ঘ.
bdnews24