রাজশাহী, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর পবা উপজেলায় বেসরকারি একটি পাটকলে গুদামে আগুন লেগেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮ কোটি টাকা বলে দমকল বাহিনী মনে করছে।
শনিবার দুপুরে নওহাটায় আলাইবিদিপুর এলাকায় রহমান জুট মিলস লিমিটেডের গুদামে আগুন লাগে। সন্ধ্যা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি।
দমকল বাহিনী জানায়, পাটকলের ৬ নম্বর গুদামে প্রথমে আগুন ধরে যায়। পরে তা গোটা গুদামে ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর নয়টি ইউনিট সেখানে কাজ করছে।
দমকল বাহিনীর রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিলের আশপাশে পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে।
তিনি বলেন, আগুন লাগার কারণ এখনো উদঘাটন করা যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে দমকল বাহিনীর পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হবে। আগুন পুরোপুরি নিভে গেলে সঠিক ক্ষতির পরিমাণ পাওয়া যাবে।
মিজানুর বলেন, প্রায় আট কোটি টাকার মালামাল পুড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পবা থানার ওসি রমজান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর দেড়টা থেকে ২টার মধ্যে আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলে পুলিশও রয়েছে।
পাট কলের মালিক রাজশাহী চেম্বারের সাবেক সভাপতি লুৎফর রহমান বলেন, "গুদামে নতুন কেনা আট কোটি টাকার পাট ছিলো। এর মধ্যে কয়েকদিনে কিছু পাট দিয়ে চট তৈরি করা হয়েছে। বাকি পাটগুলো পুড়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৯২০ ঘ.
bdnews24