বেনাপোল (যশোর), জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোরের বেনাপোল সীমান্ত থেকে সাড়ে পাঁচ কেজি হেরোইন আটক করেছে বিডিআর।
বৃহস্পতিবার রাতে বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে এসব হেরোইন আটক করা হয় বলে জানিয়েছেন বিডিআর কর্মকর্তারা।
তারা বলেছেন, হেরোইনের চালানটি ভারত থেকে আসছিলো।
২২ রাইফেল ব্যাটালিয়নের অধীন বেনাপোল কোম্পানির কমান্ডার সিদ্দিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৯টার দিকে বিডিআর জওয়ানরা সাদিপুর মেহগনি বাগান পোস্টের ১৯ নম্বর মেইন পিলারের পাশে অভিযান চালায়।
তাদের উপস্থিতি টের পেয়ে হেরোইন ভর্তি সাতটি প্যাকেট ফেলে চোরাকারবারীরা পালিয়ে যায়।
বেনাপোল চেকপোস্ট বিডিআর ক্যাম্প কমান্ডার নজরুল ইসলাম জানান, সাতটি প্যাকেটে সাড়ে ৫ কেজি হেরোইন আটক করা হয়েছে। পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে সংশ্লিষ্ট পরীক্ষাগারে।
এ ব্যাপারে মাদক আইনে একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৮ ঘ.
bdnews24