২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ, আহত ১২

কুষ্টিয়া সদর উপজেলায় পুলিশ ও গ্রামবাসীর সংঘর্ষে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও দুই পুলিশসহ অন্তত ১২ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2011, 10:38 AM

Updated : 24 Aug 2022, 02:22 PM

কুষ্টিয়া, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া সদর উপজেলায় পুলিশ ও গ্রামবাসীর সংঘর্ষে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও দুই পুলিশসহ অন্তত ১২ জন আহত হয়েছে। নসিমন চলাচল নিয়ে দুই গ্রামবাসীর দ্বন্দ্বের জের ধরে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা এলাকার পিয়ারপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। সংঘর্ষস্থল থেকে পুলিশ ৮ জনকে গ্রেপ্তার করেছে। আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- পিয়ারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিয়াকত হোসেন (৫২), ইবি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) গোপাল চন্দ্র (৩৮), পুলিশ কনস্টেবল সিদ্দিকুর রহমান (৪২), রাজাপুর গ্রামের মজিবর (৪৫), শরীয়তুল্লাহ (৫৫), আব্দুর রাজ্জাক (৪০), আতিয়ার রহমান (৩৫)। আহত ইউপি চেয়ারম্যান লিয়াকত সাংবাদিকদের বলেন, নসিমন (ইঞ্জিনচালিত ভ্যান) চলাচল কেন্দ্র করে রাজাপুর ও পিয়ারপুর গ্রামের মধ্যে দ্বন্দ্ব চলছিলো। সকালে রাজাপুরে দুই পক্ষের মধ্যে মারামারির কথা শুনে তিনি সেখানে যান। পরে পুলিশ আসায় সেখানে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ওসি মিজানুর রহমান জানান, পিয়ারপুর ও রাজাপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধ অনেক দিনের। এর জের ধরে শুক্রবার বেলা ১১টার দিকে ওই দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ ঘটনাস্থলে গেলে দুই পক্ষ পুলিশের ওপর হামলা চালায় বলে জানান তিনি। পরে উভয় পক্ষকে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষে লিপ্ত থাকার অভিযোগে আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৬৩০ ঘ.