গাইবান্ধা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবাদে মিথ্যা তথ্য প্রকাশ করায় গাইবান্ধা থেকে প্রকাশিত একটি পত্রিকার সম্পাদকসহ চারজনের জরিমানা করেছে আদালত।
তাদের প্রত্যেকেকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার বিকালে জেলার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম মো. আজিজুর রহমান এই সাজা দেন।
দণ্ডিতরা হলেন- দৈনিক জনসংকেত পত্রিকার সম্পাদক দীপক কুমার পাল, নিজস্ব প্রতিবেদক মিঠু মিয়া, হুনান হক্কানী ও মিলন খন্দকার।
মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালের ৩০ ডিসেম্বর দৈনিক জনসংকেত পত্রিকায় 'নিম্নমানের ১৫৪ বস্তা সার অসৎ উদ্দেশ্যে নিলামে বিক্রি' শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এই প্রতিবেদনে মানহানিকর ও মিথ্যা তথ্য প্রকাশিত হওয়ার অভিযোগ এনে গাইবান্ধার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম স্বপ্রণোদিত হয়ে বিষয়টি আমলে নিয়ে এ চারজনের বিরুদ্ধে সমন জারি করেন।
হাকিম তার দণ্ডাদেশে উল্লেখ করেন, নিলামে বিক্রির আগে উল্লেখিত সার পরীক্ষার জন্য ঢাকায় বাংলাদেশ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট গবেষণাগারে পাঠানো হয়। সেখানকার প্রধান আঞ্চলিক কর্মকর্তা নাজমুল হাসান গত বছরের ২৫ অগাস্ট রাসায়নিক পরীক্ষা শেষে সারগুলো মানসম্মত ও ব্যবহার উপযোগী উল্লেখ করেন। তাদের রিপোর্ট পাওয়ার পরই আদালত ওই সার নিলামে বিক্রির আদেশ দেয়।
দীপক কুমার পাল বলেন, সমন পেয়ে তারা গত ১৪ জানুয়ারি আদালতে হাজির হয়ে জামিন নেন। বুধবার অভিযোগ গঠনের সময় আসামিরা দোষ স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।
বুধবার আদালতের আদেশ মতো দণ্ডের টাকা পরিশোধ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫২ ঘ.
bdnews24