মৌলভীবাজার, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্ধ থাকার ছয় ঘণ্টা পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ রাত ১১টায় আবার চালু রয়েছে।
শ্রীমঙ্গলের দায়িত্বরত স্টেশন মাস্টার ফয়েজুর রহমান রাত সাড়ে ১১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সোয়া ১১টার দিকে ট্রেন চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার বিকাল পৌনে ৫টায় মৌলভীবাজারের ভানুগাছ ও শমশেরনগর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি আন্তঃনগর ট্রেন পাহাড়িকা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিলো।
এ কারণে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস আখাউড়ায় আটকা পড়ে। এতে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ থাকে।
বিকেলে দায়িত্বরত স্টেশন মাস্টার আব্দুল আজিজ জানান, ট্রেনটি ভানুগাছ অতিক্রম করার কিছু সময় পর এক বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ট্রেনটি লাইনের ওপর বিকল হয়ে থাকে।
আখাউড়া থেকে একটি ইঞ্জিন টুলভ্যান এবং কুলাউড়া থেকে একটি হাইড্রলিক টুলভ্যান দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/পিডি/২৩৫৫ ঘ.
bdnews24