ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় প্রেসক্লাবের নতুন কমিটির কার্যক্রমে স্থগিতাদেশ স্থগিত করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিতের আদেশ চেয়ে আপিল আদালতে আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে বুধবার।
নতুন কমিটির কার্যক্রম স্থগিত করে জজ আদালতের দেওয়া আদেশ গত রোববার স্থগিত করে হাইকোর্ট।
মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এস কে সিনহার আদালত হাইকোর্টের রায় স্থগিতে পরাজিত প্রার্থীদের আবেদনের উপর সংক্ষিপ্ত শুনানি শেষে বুধবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
কার্যকরি পরিষদের পরাজিত প্রার্থীদের পক্ষে শুনানি করেন ব্যারিষ্টার আমির উল ইসলাম। বিজয়ীদের পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আলী।
নির্বাচনে পরাজিত প্রার্থীদের আবেদনে গত ১০ জানুয়ারি ঢাকার জজ আদালত নতুন কমিটির কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেয়। একইসঙ্গে পুরনো কমিটিকে দায়িত্ব ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছিল।
গত ৩১ ডিসেম্বরে জাতীয় প্রেসক্লাবের কার্যকরী পরিষদের নির্বাচনে কামালউদ্দিন সবুজ-সৈয়দ আবদাল আহমেদ পরিষদ ১৭টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৩টিতে জয়লাভ করে।
নির্বাচনে কারচুপির অভিযোগ করে ফল প্রত্যাখান করে পরাজিত গোলাম সারওয়ার-সাইফুল আলম প্যানেল।
নির্বাচন অবৈধ ঘোষণার আদেশ চেয়ে গত ৫ জানুয়ারি মামলা করেন সভাপতি পদের পরাজিত প্রার্থী গোলাম সারওয়ার ও সাধারণ সম্পাদক প্রার্থী সাইফুল আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/কেএমএস/১৬২১ ঘ.
bdnews24