ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে ট্রাকচালক নুরুল ইসলাম ও সহযোগী ইমামুল হক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার হওয়া ওই দুইজন হলো- হাসেম গাজী (৫৮) ও আবদুস সালাম (৪৮)।
শনিবার রাতে বাড্ডা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মাহবুবুর রহমান।
৯ জানুয়ারি দুপুরে বানানীর একটি ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় ট্রাকচালক নুরুল ইসলাম (৩০) ও সহযোগী ইমামুল হক মিঠুর (২০) লাশ উদ্ধার করা হয়।
মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, "তারা চাল ছিনতাইকারী চক্র। দীর্ঘ দিন এ চক্রটি এভাবেই অপকর্ম চালিয়ে আসছে। এই দুই হত্যাকাণ্ডে ১০জন জড়িত ছিল বলে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে।"
সালাম ঘটনার সঙ্গে জড়িত থাকার ব্যাপারে পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও জানান তিনি।
সালামের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানিয়েছে, হাসেম গাজীর ট্রাকে করে ছিনতাইকারী দলটি ওই রাতে চাল বোঝাই ট্রাকের পিছু নেয়। উত্তরা হাউজিং এলাকায় তারা চাল বোঝাই ট্রাকটির গতিরোধ করে। সেখানে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে চালক ও সহযোগীকে হত্যা করা হয়। পরে খালি ট্রাকে করে লাশ দু'টি যাত্রাবাড়ী নিয়ে যাওয়া হলেও সেখানে নিরাপদ স্থান না পেয়ে ফের বনানী যায়। লাশ বহনকারী ট্রাকটিতে চারজন ছিল। পরে লাশ দু'টি ডোবায় ফেলে দিয়ে তারা পালিয়ে যায়।
অন্যদিকে ছিনতাইকারী দলের অন্য একজন চাল বোঝাই ট্রাকটি চালিয়ে নিরাপদ স্থানে নিয়ে যায়।
ছিনতাই হওয়া চাল বোঝাই ট্রাকটি পরে গাজীপুর এলাকা থেকে খালি অবস্থায় উদ্ধার করে র্যাব। এছাড়া ছিনতাই কাজে ব্যবহৃত ট্রাকটিও আটক করা হয়।
মাহবুবুর রহমান বলেন, "হত্যাকাণ্ডে জড়িত বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এলএইচ/কেটি/এএল/কেএমএস/১৬৫৬ ঘ.
bdnews24