২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন সচিব রদবদল

প্রশাসনে সচিব পর্যায়ের তিন কর্মকর্তাসহ বেশ কিছু পদে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 02:04 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনে সচিব পর্যায়ের তিন কর্মকর্তাসহ বেশ কিছু পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়। সচিবদের মধ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ড. মিহির কান্তি মজুমদারকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে, প্রাইভেটাইজেশন কমিশনের ভারপ্রাপ্ত সদস্য মেজবাহ উল আলমকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ গোলাম কুদ্দুসকে প্রাইভেটাইজেশন কমিশনের ভারপ্রাপ্ত সদস্য হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক আরিফ খান জয়কে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) পরিচালক পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। কাজে যোগ দেওয়ার দিন থেকে তার এ নিয়োগ কার্যকর হবে। সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব নাজমুল আহসান মজুমদার, নাজির আহমেদ ও ড. সিরাজুল ইসলামকে জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের বিশেষজ্ঞ সমীক্ষকের দায়িত্ব পালনের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব রাশিদা ফেরদৌসকে সেবা পরিদপ্তরের পরিচালক প্রেষণে নিয়োগ দেওয়া হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব আবু সালেহ মো. মামুনুর রহমান খলিলীকে ওএসডি করে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। এর আগে তাকে বিশ্বকাপ ক্রিকেট ২০১১-এর ভেন্যু চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সংস্কার ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক পদে নিয়োগ করা হয়েছিল। তার এ নিয়োগের আদেশটি বাতিল করা হয়েছে। এছাড়া গণপূর্ত অধিদপ্তরর নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) ময়েজ উদ্দিন তালুকদারকে ঢাকার গজনবি সড়কে মুক্তিযোদ্ধাদের কল্যাণার্থে বহুতল বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২০০০ ঘ.