২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় কর্মকর্তার আলমারিতে সিলমারা ব্যালট

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর প্রতীকে সিলমারা ১০০টি ব্যালট পেপার উদ্ধার করার পর ভোলার বোরহানউদ্দিন পৌরসভার একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়ে গেছে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে নির্বাচনী দায়িত্ব পালনরত তিন কর্মকর্তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 08:48 AM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ভোলা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর প্রতীকে সিলমারা ১০০টি ব্যালট পেপার উদ্ধার করার পর ভোলার বোরহানউদ্দিন পৌরসভার একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়ে গেছে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে নির্বাচনী দায়িত্ব পালনরত তিন কর্মকর্তাকে। আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী রফিকুল ইসলামের আনারস প্রতীকে সিল মারা অবস্থায় ১০০টি ব্যালট পেপার উদ্ধার করা হয় ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মোমিন হোসেনের আলমারি থেকে। বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার ওই ঘটনার সময় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। এরপর ভোলার নির্বাহী হাকিম তাকেসহ অন্য দুই কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন। অন্য দুই কর্মকর্তা হলেন- সহকারী প্রিজাইডিং কর্মকর্তা রবিউল আলম ও পোলিং কর্মকর্তা আজিজুল ইসলাম। মেয়র প্রার্থী রফিকুল আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ এর ভাগনে। ওই ঘটনার পর ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রয়েছে। দুপুর ১টা পর্যন্ত ওই কেন্দ্রে মোট ৯১৬ ভোটের মধ্যে ৬৩০টি ভোট গ্রহণ হয়। অন্যদিকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ভোলা পৌরসভায় একজন, বোরহানউদ্দিনে একজন, দৌলতখানে একজন ও লালমোহনে দুজনকে আটক করেছে পুলিশ। বোরহানউদ্দিন পৌরসভায় একজন কাউন্সিলর প্রার্থীর ভাই ভোটকেন্দ্রের ভেতর মিছিলের চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। লালমোহন পৌরসভায় জালভোট দেয়ার অভিযোগে একজন এবং বিশৃঙ্খলার অভিযোগে অন্যজনকে গ্রেপ্তার করে। বোরহানউদ্দিন পৌরসভার আব্দুল জব্বার কলেজ কেন্দ্রে দুপুর ১২টার দিকে একদল সন্ত্রাসী কেন্দ্র দখলের চেষ্টা করলে প্রিজাইডিং কর্মকর্তা ফিরোজ হোসেন ওই কেন্দ্রের ভোট গ্রহণ সাময়িকভাবে স্থগিত করেন। পরে র‌্যাব পুলিশ কেন্দ্রে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ৩০ মিনিট পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। ভোলা পৌরসভার সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে কাউন্সিলর প্রার্থী হুমায়ুন কবীর সোপানকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৪৪০ ঘ.