মাদারীপুর, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন সোমবার মাদারীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছে।
এরা হলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, যুবদলের সভাপতি মিজানুর রহমান মুরাদ ও জাতীয় পার্টির জেলা যুব সংহতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল হক স্বপন।
এ তিন মেয়র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় বর্তমানে আওয়ামী লীগের তিন প্রার্থী ডা. আবদুল বারি, খালিদ হোসেন ইয়াদ ও মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহান্দার আলী জাহান মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জামিনুর হোসনে মিঠু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সিদ্ধান্ত মেনে নিয়ে দল যাকে একক সমর্থন দিয়েছে আমরা সবাই মিলে তার পক্ষে কাজ করবো। দলের মধ্যে এখন কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই।"
মিজানুর রহমান মুরাদ বলেন, "দলীয় সিদ্ধান্তের প্রতি আস্থা রেখে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি।"
আগামী ১২, ১৩, ১৭, ১৮ ও ২৭ জানুয়ারি দেশের আড়াই শতাধিক পৌরসভায় নির্বাচন হচ্ছে। ২৭ জানুয়ারি মাদারীপুর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৯২৩ ঘ.
bdnews24