কুড়িগ্রাম, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভা নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে মেয়রপ্রার্থী হোসেন আলী সরকারকে (দোয়াত কলম প্রতীক) পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
একই অভিযোগে ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রোস্তম আলীকে (ঘুড়ি) পাঁচ হাজার টাকা এবং ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইব্রাহীম আলী (আপেল) ও শহিদুল ইসলামকে (হরিণ) দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।
নাগেশ্বরীর রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, রোববার বিকালে মেয়রপ্রার্থী হোসেন আলী সরকার মটরসাইকেল শোভাযাত্রা বের করেন। একইভাবে কাউন্সিলর প্রার্থীরা মিছিল বের করেন।
এ কারনে নির্বাচন সংক্রান্ত ভ্রাম্যমাণ আদালত এই চার প্রার্থীকে জরিমানা করে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৮ ঘ.
bdnews24