ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বহুল আলোচিত ও প্রতীক্ষিত তিস্তার পানি বণ্টনে ১৫ বছর মেয়াদী অন্তর্বর্তী চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছে বাংলাদেশ ও ভারত।
যৌথ নদী কমিশনের (জেআরসির) সচিব পর্যায়ের বৈঠকে সোমবার এ মতৈক্য হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে উভয় দেশের পানিসম্পদ সচিব এক যৌথ সংবাদ সম্মেলনে এ সমঝোতার কথা সাংবাদিকদের জানান।
পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব শেখ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এবং ভারতের পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ধ্র"ব বিজয় সিং সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
জেআরসির বৈঠকে বাংলাদেশের পক্ষে পানিসম্পদ সচিবের নেতৃত্বে ১১ সদস্য এবং ভারতের পক্ষে ধ্র"ব বিজয় সিংয়ের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।
১০ ও ১১ জানুয়ারি দু'দিন ধরে এ বৈঠকটি হওয়ার কথা ছিল। কিন্তু উভয়পক্ষ একমত হওয়ায় একদিনের মধ্যেই তা শেষ হলো।
এ বছর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশ সফরে আসছেন। তার ওই সফরের সময় দুই দেশের মধ্যে চুক্তি সম্পাদন হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিন্ন নদীগুলোর পানিবণ্টন বিষয়ে জেআরসি'র সচিব পর্যায়ের বৈঠক শেষে বাংলাদেশের পানিসম্পদ সচিব শেখ ওয়াহিদ-উজ-জামান জানান, তিস্তার পানি ভাগাভাগিতে একটি চুক্তি করা দরকার। এ ব্যাপারে দু'দেশ সম্মত হয়েছে। একটি অন্তবর্তী চুক্তি করার ব্যাপারে একমত হয়েছে দুই দেশ।
তিনি বলেন, চুক্তিটি ১৫ বছর মেয়াদের জন্য করার ব্যাপারে সমঝোতা হয়েছে। তবে রাজনৈতিক পর্যায়ে আলোচনায় এ মেয়াদ কম-বেশি হতে পারে।
সম্ভাব্য চুক্তিতে পানি ভাগাভাগির পরিমাণ কী হবে এবং কোন দেশ কী পরিমাণ পানি পাবে- এ প্রশ্নের জবাবে সচিব বলেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে এসব বিষয় অন্তবর্তীকালীন চুক্তি করার ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি করবে না।
এদিকে ভারতের পানিসম্পদ সচিব ধ্র"ব বিজয় সিং বলেন, তিস্তার পানি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরেই অনেক আলোচনা হয়েছে। এই আলোচনা আর দীর্ঘ হতে দেওয়া যায়না। এ ব্যাপারে দু'দেশ সম্মত হয়েছে।
"তিস্তার পানি বণ্টনে একটি 'ফ্রেমওয়ার্ক' সম্পন্ন হয়েছে। এ অনুযায়ী দু'দেশ আগামীতে আলোচনা করে সব দূরত্ব কমিয়ে আনবে", বলেন তিনি।
বৈঠক শেষে ভারতের পানিসম্পদ সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির দেখা করে বৈঠক সম্পর্কে তাকে অবহিত করেন।
গত বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত জেআরসি'র আগের বৈঠকে ভারত ১৪টি সেচ প্রকল্পের মাধ্যমে ফেনী নদীর পানি তুলে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত কার্যকর করার সুপারিশ করে। ওই বৈঠকে ইছামতি নদীতে খনন কাজ চালানোরও অনুমতি দেওয়া হয়।
ভারত থেকে বাংলাদেশে ৫৪টি নদী প্রবেশ করলেও অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে দুই দেশের মধ্যে এ পর্যন্ত শুধু গঙ্গার পানি বণ্টন নিয়ে চুক্তি হয়েছে।
ভারতের সঙ্গে ১৯৯৬ সালে গঙ্গার পানি বণ্টন চুক্তি হওয়ার পর ১৯৯৯ সালেই তিস্তার পানি বণ্টন নিয়ে একটি চুক্তি করার চেষ্টা শুরু করে বাংলাদেশ। সেই থেকে তিস্তার বিষয়ে গত এক দশক ধরে আলাপ-আলোচনা হচ্ছে।
মহাজোট সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের পক্ষ থেকে তিস্তা চুক্তির ব্যাপারে জোর তৎপরতা শুরু হয়।
তিস্তা নদীকে বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়। রংপুর অঞ্চলে তিস্তা ব্যারেজ প্রকল্পের প্রথম ধাপের আওতায় প্রায় সাড়ে সাত লাখ হেক্টর কৃষি জমি রয়েছে।
কিন্তু ভারত তার সেচ প্রকল্পের জন্য তিস্তার উজানে গজালডোবায় ব্যারেজ (বাঁধ) নির্মাণ করায় প্রতি বছর শুকনো মৌসুমে নদীর বাংলাদেশ অংশে পানি সঙ্কট দেখা দেয়।
পানির এমন সঙ্কটের কারণে সরকার তিস্তা সেচ প্রকল্পের দ্বিতীয় ধাপ বাস্তবায়ন করতে পারছে না বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২০৩৫ ঘ.
bdnews24