২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সরকারকে জনগণের অধিকার আদায়ে সচেষ্ট হতে হবে'

সরকারকে জনগণের অধিকার আদায়ে আরো সচেষ্ট হতে হবে। তা না হলে জনগণ ভবিষ্যতে তাদের ক্ষমতায় আসার পথ বন্ধ করে দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2011, 03:05 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারকে জনগণের অধিকার আদায়ে আরো সচেষ্ট হতে হবে। তা না হলে জনগণ ভবিষ্যতে তাদের ক্ষমতায় আসার পথ বন্ধ করে দেবে। সামাজিক-সাংস্কৃতিক সংগঠন 'প্রজন্মের চেতনা'র এক দশক পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্বোপার্জিত স্বাধীনতা চত্ত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. আনোয়ার হোসেন অনুষ্ঠানে বলেন, "বর্তমান আওয়ামী লীগ সরকারের লক্ষ্য 'ভিশন-২০২১' বাস্তবায়নের জন্য এখন থেকেই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।" তিনি বলেন, "প্রয়োজন হলে বর্তমান মন্ত্রিসভাও পুনর্গঠন করা যেতে পারে। "জনগণের আশা পূরণ করতে না পারলে তারা যেভাবে সমর্থন দিয়েছে সেভাবেই পাহাড়ের চূড়া থেকেও নিক্ষেপ করতে পারে", বলেন অধ্যাপক আনোয়ার। আলোচনা সভায় বিচারপতি গোলাম রাব্বানী বলেন, "রাষ্ট্রের চার মূলনীতি অনুযায়ী দেশ গঠন ও যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ গড়ার জন্য গত নির্বাচনে তরুণ প্রজন্ম ভোট বিপ্লবের মাধ্যমে এ সরকারকে ক্ষমতায় এনেছে।" জনতা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও ঢাবি অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারাকাত বলেন, "পৃথিবীর ২০টি উচ্চপ্রবৃদ্ধির দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। দেশের প্রবৃদ্ধি বাড়ানোর জন্য আরো সুদৃঢ় নেতৃত্বের প্রয়োজন।" "ঘুরে দাঁড়ানোর সময় এখনই", বলেন তিনি। অধ্যাপক বারাকাত বলেন, "মুক্তিযুদ্ধের চেতনায় রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার সময় এসেছে। সে জন্য রাজনৈতিক দলগুলোর পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। আলোচনা সভায় 'কেমন বাংলাদেশ দেখতে চাই, মুক্তিযুদ্ধের ৫০বছর পূর্তি' শীর্ষক প্রবন্ধ পাঠ করেন প্রজন্মের চেতনা'র আহ্বায়ক গোলাম নবী হোসেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত লে. জে. হারুন-অর-রশিদ ও ব্যারিস্টার আমিরুল ইসলাম। আলোচনা সভা শেষে আয়োজক সংগঠনের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৫৯ ঘ.