ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গণসংহতি আন্দোলনের প্রতিনিধি সম্মেলন পেছানো হয়েছে।
আগামীকাল ৭ জানুয়ারি থেকে অনুষ্ঠেয় তিনদিনের এই সম্মেলন পিছিয়ে ৩১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। চলবে ২ ফেব্র"য়ারি পর্যন্ত।
বৃহস্পতিবার সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয় পরিষদের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ৭ জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানের জন্য নির্ধারিত স্থান ছিলো রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন। কিন্তু মিলনায়তনের চলমান সংস্কার কাজ শেষ না হওয়ায় কর্তৃপক্ষ বরাদ্দ দিতে অপারগতা করে। সে কারণে সম্মেলনের তারিখ পরিবর্তন করা হয়েছে।
পরিবর্তিত সূচি অনযায়ী, ৩১ জানুয়ারি দুপুর আড়াইটায় সম্মেলনের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে ঢাকা মহানগর নাট্যমঞ্চে। সম্মেলন উদ্বোধনের পর হবে শোভাযাত্রা।
উদ্বোধনী অধিবেশনের আলোচনায় সূচনা বক্তব্য রাখবেন- সংগঠনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
আলোচনা করবেন- শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, তেল-গ্যাস সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনু মুহাম্মদ ও শ্রমিক নেতা শাহ আতিউল ইসলাম।
আলোচনা শেষে গান পরিবেশন করবেন সঙ্গীত দল লীলা, সমগীত, গণসঙ্গীত শিল্পী কামরুদ্দীন আবসার, কফিল আহমেদ ও কাজী কৃষ্ণকলি ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৮৪৮ ঘ.
bdnews24