কক্সবাজার, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ অধিদপ্তরের করা জরিমানার টাকা পরিশোধ করেনি কক্সবাজারের উত্তরণ গৃহায়ন সমবায় সমিতি।
তাই অধিদপ্তর এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
সোমবার বেলা ১২টার মধ্যে দন্ডিত জরিমানা পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছিল।
গৃহায়ন প্রকল্পের নামে কক্সবাজার শহরতলীতে ব্যাপক পাহাড় কাটার অভিযোগে রোববার এ নির্দেশ দেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং ও এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী।
ওইদিন তার নেতৃত্বে চালানো অভিযানে দুই কোটি ৮৮ লাখ টাকা জরিমানা এবং উত্তরণ গৃহায়ন সমবায় সমিতির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
মোহাম্মদ মুনীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জরিমানা পরিশোধ না করায় উত্তরণ গৃহায়ন সমবায় সমিতির পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।
উত্তরণ গৃহায়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, জরিমানার এত টাকা সমিতির পরিচালনা কমিটি পরিশোধ করতে পারে না। তাই পরিবেশ অধিদপ্তরের কাছে সময় চেয়ে আবেদন করা হয়েছে।
তিনি দাবি করেন, "আজ (সোমবার) ১০ লাখ টাকা পরিশোধের মৌখিক আদেশ ছিল। কিন্তু লিখিতভাবে চিঠিতে ৫ জানুয়ারির মধ্যে দণ্ডের সব টাকা পরিশোধের জন্য বলা হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৯ ঘ.
bdnews24