২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র-শ্রমিক সংঘর্ষ, ভাংচুর-অবরোধ

শেরপুরে বাসে উঠা নিয়ে একদল ছাত্রের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2011, 02:12 PM

Updated : 24 Aug 2022, 02:14 PM

শেরপুর, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেরপুরে বাসে উঠা নিয়ে একদল ছাত্রের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় শেরপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল দুই ঘন্টা বন্ধ ছিলো। পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের হস্তক্ষেপে পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। সোমবার সকালে শেরপুর সদর উপজেলার ভাতশালা এলাকায় অবস্থিত পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদের সঙ্গে বাস শ্রমিকদের দুই দফা সংঘর্ষ হয় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও পলিটেকনিকের ছাত্ররা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে একদল ছাত্র শেরপুর থেকে ঢাকাগামী ড্রিমল্যান্ড সার্ভিসের একটি বাসে জোর করে ওঠে পড়ে। তারা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে নামার সময় বাসচালক ও তার সহকারীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পলিটেকনিকের ছাত্ররা বাসচালক মুকুল মিয়া (৩৫) ও তার সহকারী ফকির মিয়াকে (২৩) মারধর করে। তারা ড্রিমল্যান্ড সার্ভিসের দু'টি বাসের কাচ ভাংচুর করে। পরে বিষয়টি সাময়িকভাবে নিষ্পত্তি হয়। তবে বাসচালক ও তার সহকারীকে মারধরের ঘটনাটি প্রায় চার কিলোমিটার দূরে শহরের নবীনগর বাস টার্মিনালে জানাজানি হলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় পলিটেকনিকের আট ছাত্রকে মারধর করে শ্রমিকরা। এদের মধ্যে মোয়াজ্জেম হোসেন (১৭) নামে কম্পিউটার সায়েন্স বিভাগের প্রথমবর্ষের এক ছাত্রকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। ছাত্রদের উপর হামলা ও মারধরের খবর পেয়ে বিকাল ৩টার দিকে পলিটেকনিকের ছাত্ররা শেরপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আকবর আলীর অনুরোধে ছাত্ররা মহাসড়ক থেকে সরে গেলে বিকাল ৫টা থেকে আবার যানবাহন চলাচল শুরু হয়। শেরপুর বাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিজুল হক চৌধুরী সাংবাদিকদের জানান, শেরপুর থেকে ঢাকাগামী বাসে উঠে প্রায়ই পলিটেকনিকের ছাত্ররা এ ধরনের ঘটনা ঘটায়। এভাবে চলতে থাকলে মহাসড়কে বাস চলাচল বন্ধ করে দিতে হবে। তিনি অভিযোগ করেন, কোনো কারণ ছাড়াই সোমবার ছাত্ররা চালকও তার সহকারীকে মারধর করেছে। ভাংচুর করেছে দু'টি বাস। শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মো. ইদ্রিস আলী ভূঁইয়া জানান, জেলা প্রশাসক বাস শ্রমিক-মালিক ও ছাত্রদের সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসা করবেন। তিনি জানান, বর্তমানে কোনো উত্তেজনা নেই। শেরপুর-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে এসেছে। জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান জানান, বিষয়টি তার নজরে আসার পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে তিনি ঘটনাস্থলে পাঠিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে থাকতেই সমস্যার সমাধান করা হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৪ ঘ.