ঝিনাইদহ, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিপণের জন্য অপহৃত চুয়াডাঙ্গার দুই ভাইকে পাবনার পদ্মা নদীর চর থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকালে পাবনার সুজানগর উপজেলার একটি চরে পরিত্যক্ত ঘরে হাত-পা বাঁধা অবস্থায় তাদের উদ্ধার করা হয়।
পুলিশের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঝিনাইদহ প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গড়গড়ি গ্রামের দুই ভাই লিটন ও আব্দুল মজিদকে গত বুধবার রাতে বাজার থেকে ফেরার পথে অপহরণ করা হয়।
তারা স্থানীয় মুন্সীগঞ্জ বাজারের ব্যবসায়ী।
পরদিন তাদের মোবাইল ফোন থেকে পরিবারের সদস্যদের কাছে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
আলমডাঙ্গা থানার ওসি আহসান হাবীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপহরণের পর দুই ভাইকে বিভিন্ন জায়গায় আটকে রাখা হয়।
সুজানগর এলাকার পদ্মার নির্জন চরের একটি পরিত্যক্ত বাড়িতে হাত, পা ও মুখ বেঁধে তাদের আটকে রাখা হয়েছিলো।
ওসি জানান, পাবনা পুলিশের সহায়তায় সোমবার বিকাল ৩টার দিকে তাদের উদ্ধার করা হয়।
তবে তাদের পরিবারের কাছ থেকে সন্ত্রাসীরা মুক্তিপণ আদায় করেছে কিনা ওসি তা বলতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৪ ঘ.
bdnews24