সুনামগঞ্জ,জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দু'পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৮ জন আহত হয়েছে।
এর মধ্যে রয়েছে থানার ওসিসহ আট পুলিশ ও ২০ গ্রামবাসী।
সোমবার বিকালে উপজেলার মধ্যরনগর গ্রামে এ সংঘর্ষে আহত পুলিশ সদস্যদের কলমাকান্দা ও ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত পুলিশ সদস্যরা হলেন-ধর্মপাশা থানার ওসি বজলে মওলা, উপ-পরিদর্শক (এসআই) সেলিম আহমদ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রতন পাল, এমদাদ হোসেন, কনস্টেবল মনসুর মিয়া ও আমিনুল রশিদ। বাকি দু'জনের নাম জানা যায়নি।
এছাড়া পুলিশের রাবার বুলেট ও টিয়ারসেলের আঘাতে আহত গ্রাসবাসীদের নাম পাওয়া যায়নি। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
ধর্মপাশা থানার ওসি বজলে মওলা জানান, উপজেলার মধ্যনগর ইউনিয়নের রুপেশ্বর জলমহাল নিয়ে ইজারদার রুহুর আমিন ও বাদে মধ্যরনগর গ্রামবাসীর মধ্যে বিরোধ চলছিল।
এর জেরে বিকাল সাড়ে ৪টায় ইজারাদারদের লোকজন স্থানীয় গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ থামাতে ঘটনাস্থলে পুলিশ গেলে গ্রামবাসী ও পুলিশের মধ্যে সংঘর্ষে বেধে যায়। টেটার আঘাতে আহত হন আট পুলিশ সদস্য।
এসময় পুলিশ ১২ রাউন্ড টিয়ার গ্যাস সেল ও ২০ রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান। মামলার প্রস্তুতি চলছে।
বাদে মধ্যনগর ইউনিয়ন পরিষদ সদস্য আবদুল কাদির বলেন, আহত ২০ গ্রামবাসীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৪ ঘ.
bdnews24