ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনশক্তি রপ্তানিখাতে সরকারি 'নিয়ন্ত্রণ' প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে এই খাতের রপ্তানিকারকদের সংগঠন বায়রা।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংগঠনের মহাসচিব আলী হায়দার চৌধুরী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, "দেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যম জনশক্তি রপ্তানি খাতে চরম অচলাবস্থা বিরাজ করছে। গত তিন বছরে রপ্তানিযোগ্য জনশক্তির বাজারগুলো একের পর এক হাতছাড়া হয়ে গেছে।"
এ প্রসঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) মহাসচিব উল্লেখ করেন যে, একমাত্র সংযুক্ত আরব আমিরাত ছাড়া সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত, কাতার, বাহরাইন, জর্ডান, ওমান, লিবিয়াসহ বেশ কিছু দেশে বর্তমানে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি খুবই নগন্য পর্যায়ে নেমে এসেছে।
তিনি বলেন, এমনি এক দুঃসময়ে জনশক্তি রপ্তানি খাতকে সরকারি নিয়ন্ত্রণে এনে সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে জনশক্তি রপ্তানির চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বেসরকারি খাতের জনশক্তি রপ্তানিকারকদের পাশ কাটিয়ে সরাসরি সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মাধ্যমে জনশক্তি রপ্তানির লক্ষ্য নিয়ে সরকারের একটি মহল কাজ করে যাচ্ছে। এই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্টরা সবাই দেশের ক্ষতি করছেন।
আলী হায়দার চৌধুরী দাবি করেন, বোয়েসেল আশির দশকের মাঝামাঝি সময় থেকে জনশক্তি রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট হলেও তাদের কর্মকাণ্ড মোটেও আশাব্যঞ্জক নয়। প্রতিষ্ঠার পর থেকে প্রায় আড়াই দশকে (২০০৯-১০ অর্থবছর পর্যন্ত) এই প্রতিষ্ঠান মাত্র ১৭ হাজার ৫৭১ জন কর্মী বিদেশে পাঠিয়েছে ।
তিনি আরো অভিযোগ করেন, মানবপাচারকারী আর জনশক্তি রপ্তানিকারকদের একই কাতারে ফেলে কোনো কোনো মহল অপপ্রচারের মাধ্যমে দেশের জনশক্তি রপ্তানি খাতকে ধ্বংসের পাঁয়তারা করছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, সরকারকে নীতি নির্ধারকের ভূমিকা থেকে সরিয়ে এনে জনশক্তি রপ্তানির ব্যবসায় সংশ্লিষ্ট করার চেষ্টা বাংলাদেশের শ্রমবাজার ধ্বংস করতে প্রতিপক্ষ দেশগুলোর ষড়যন্ত্র। এতে আমলাতান্ত্রিক জটিলতার কারণে জনশক্তি রপ্তানি প্রক্রিয়া দীর্ঘায়িত হবে। আর লাভবান হবে প্রতিপক্ষ দেশগুলো।
এতে আরো বক্তব্য দেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আবুল বাশার, জ্যেষ্ঠ সহ-সভাপতি রিয়াজ-উল-ইসলাম, সহসভাপতি গোলাম মোস্তাফা প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/১৯৩৩ ঘ.
bdnews24