মাদারীপুর, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর পৌর নির্বাচন নিয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ পাওয়া গেছে।
রোববার রাত ৮টার দিকে এ হামলা হয়।
আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোস্তাক খানের লোকজন বিএনপি সমর্থিত প্রার্থী ইমরান খানের ভাইয়ের প্রতিষ্ঠানে এ হামলা চালায় বলে অভিযোগ করা হয়।
ইমরান খানের ভাই রিপন খান বলেন, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড থেকে বিএনপির সমর্থন নিয়ে তার ভাই ইমরান খান এবং আওয়ামী লীগের সমর্থন নিয়ে মোস্তাক খান মনোনয়নপত্র জমা দেন।
ইতোমধ্যে ৯টির মধ্যে ৭টি ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করলে সেসব ওয়ার্ডে কাউন্সিলররা নির্বাচিত হয়ে গেছেন।
"এদিকে আওয়ামী লীগ সমর্থিত মোস্তাক খানের লোকজন আমার ভাইকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে চাপ দিয়ে আসছিল। তাতে কাজ না হওয়ায় আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করে তারা," বলেন তিনি।
তার ভাই ইমরান খান এখন ঢাকায় রয়েছেন বলে তিনি জানান।
তিনি আরো বলেন, এই ঘটনার জেরে গতকাল রাত ২টার দিকে উল্টো তাকে থানায় নিয়ে যায় পুলিশ। রোববার সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে মোস্তাক খান বলেন, "এ ধরনের হামলার সঙ্গে আমার বা আমার সমর্থকদের কোনো সম্পৃক্ততা নেই।"
শিবচর থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, ইমরান খানের ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার কথা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৯ ঘ.
bdnews24