২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলের বিরুদ্ধে এবার ঢাকায় মামলা

মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় জামায়াতে ইসলামী নেতাদের আইনজীবী ফখরুল ইসলামের বিরুদ্ধে এবার ঢাকায় মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2010, 07:47 AM

Updated : 25 Aug 2022, 06:43 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় জামায়াতে ইসলামী নেতাদের আইনজীবী ফখরুল ইসলামের বিরুদ্ধে এবার ঢাকায় মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সদরুল আলম চৌধুরী ফখরুলের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন। মামলায় তিনি তার ও মুক্তিযোদ্ধাদের মানহানি হওয়ার অভিযোগ এনেছেন। শুনানি শেষে মহানগর হাকিম মেহেদী হাসান তালুকদার আগামী ২৬ অক্টোবর ফখরুলকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। ফখরুল ইসলাম গত ২২ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমের পর সাংবাদিকদের বলেন, "একাত্তরে যুদ্ধ হয়েছে পাকিস্তানের সঙ্গে ভারতের, বাংলাদেশের সঙ্গে নয়।" একদিন আগে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মুক্তির বিষয়ে এক আবেদনের শুনানিতেও একই কথা বলেন ফখরুল। তখন ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. নিজামুল হক তাকে কড়া ভাষায় বলেন, "এটা ঠিক নয়, মুক্তিযুদ্ধ হয়েছে পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে।" বিতর্কিত ওই মন্তব্য করার পর ফখরুল ইসলামের বিরুদ্ধে প্রথমে টাঙ্গাইলে এবং তারপর নওগাঁ ও ময়মনসিংহে মামলা হয়েছে। ফখরুলের ওই বক্তব্যের সমালোচনা এসেছে বিভিন্ন মহল থেকে। আইনমন্ত্রী শফিক আহমেদ এর প্রতিক্রিয়ায় বলেন, তিনি (ফখরুল) বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন। ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সদস্যরা বলেন, ফখরুলের এ বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এজে/এমআই/১৩২৭ ঘ.