ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যাব-৪ টঙ্গীতে ভেজালবিরোধী অভিযান চালিয়ে এক অবৈধ ব্লাড ব্যাংকের মালিককে এক বছরের কারাদণ্ড দিয়েছে। তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
র্যাব'র সিনিয়র সহকারী পরিচালক মো. খায়রুল মামুন বুধবার সাংবাদিকদের জানান, র্যাব-৪ এর সিনিয়র পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশার নেতৃত্বে ১০ জনের একটি দল টঙ্গী থানার টঙ্গী বাজার ১নং ইস্তেমা গেইটের পূর্ব দিকের গফুর মার্কেটের মাই ওয়ান টিভির দোকানের পেছনে আব্বাসের বাড়িতে অভিযান চালায়।
এই বাড়ির একটি ঘরে নামবিহীন একটি ব্লাড ব্যাংক থেকে রক্ত সংগ্রহের বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।
ব্লাড ব্যাংকটির মালিক মো. সিদ্দিক শরিফ (৩৫) কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাকে গ্রেপ্তার করে তাৎক্ষণিকভাবে এক বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২১৪২ ঘ.
bdnews24