কুষ্টিয়া, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া সদর উপজেলার স্বস্তিপুর গ্রামে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক জন নিহত হয়েছে।
মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
নিহতের নাম শহিদুল ইসলাম (৩৫)। তার বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া গ্রামে। সে ঐ গ্রামের চাঁদ আলীর ছেলে।
শহিদুল ইসলাম নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন গণ মুক্তিফৌজের ক্যাডার বলে পুলিশ দাবি করেছে।
কুষ্টিয়া সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার সি.এ. হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলা ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১ টার দিকে স্বস্তিপুর গ্রামে অভিযানে যায়। ঐ গ্রামের নির্জন একটি বাঁশ বাগানের ভেতর চরমপন্থীরা গোপন বৈঠক করছিল।
তিনি জানান, অভিযানকারি দলটি বাঁশ বাগানের কাছে পৌঁছার সাথে সাথে তাদের লক্ষ্য করে চরমপন্থীরা গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধ বেঁধে যায়। প্রায় পঁচিশ মিনিট উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের পর চরমপন্থীরা পালিয়ে যায়।
বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থলে শহিদুল ইসলামের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে একটি এল.জি (লাইট গান), ১২ টি গুলি, ৫ টি গুলির খোসা ও ৫ টি ককটেল উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে শহিদুলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সি. এ. হালিম আরো জানান, শহিদুল ইসলামের বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় দুটি হত্যা, একটি চাঁদাবাজিসহ ছয়টি মামলা রয়েছে।
উল্লেখ্য, মাত্র ১৩ দিনের ব্যবধানে কুষ্টিয়ায় আরেকটি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটলো। এর আগে গত ১৫ সেপ্টেম্বর রাতে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দরবেশপুর গ্রামে র্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মান্নান মোল্লা ও মোহাম্মদ আলী মন্ডল নামের দুই ব্যক্তি নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১০৩৪ ঘ.
bdnews24