পঞ্চগড়, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ দুইজনের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে।
মঙ্গলবার মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন।
মামলার অপর বিবাদী হলেন- পত্রিকাটির পঞ্চগড় প্রতিনিধি শহিদুল ইসলাম।
বিচারক জাফরুল হাসান মামলাটি আমলে নিয়ে আগামী ১৫ অক্টোবর বিবাদীদের ব্যক্তিগতভাবে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর প্রথম আলোর শেষ পাতায় বাদীকে জড়িয়ে 'পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ে যুবলীগ ছাত্রলীগের ভাংচুর' শিরোনামে প্রকাশিত সংবাদে তার সম্মানহানি এবং তাকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে।
একই উদ্দেশ্যে এ সংবাদে স্থানীয় সংসদ সদস্য মজহারুল হক প্রধানের নাম উল্লেখ না করে তাকেও সিভিল সার্জন কার্যালয়ের ঘটনায় সম্পৃক্ত করা হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।
গত ১৯ সেপ্টেম্বর ছিল পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষা। ওই নিয়োগ কার্যক্রম নিয়ে অসন্তুষ্ট একটি পক্ষ সিভিল সার্জন কার্যালয়ে ভাংচুর চালায়।
ওই ঘটনা নিয়ে ২১ সেপ্টেম্বর প্রথম আলোতে বাদীর নাম উল্লেখ করে 'পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ে যুবলীগ ছাত্রলীগের ভাংচুর' শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪০ ঘ.
bdnews24