ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালবাগে নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদনকারী দুই কারখানার বাজেয়াপ্ত যন্ত্রপাতি ধ্বংস করতে পরিবেশ অধিদপ্তরে আনা হয়েছে।
গত ২০ অগাস্ট কারখানা দুইটি সিলগালা করে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
পরিবেশ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
১৮ লাখ টাকা মূল্যমানের ওই যন্ত্রপাতি ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে শিগগির ধ্বংস করা হবে। বৃহস্পতিবার রাজধানীর লালবাগ এলাকায় দ্বিতীয়বারের মতো অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ এ নির্দেশনা দেয়।
গত ২০ অগাস্ট আদালত লালবাগের ১১ ললিতমোহনদাস লেনের বাবু প্লাস্টিক ইন্ডাস্ট্রি এবং ৪০ ডুরিআঙ্গুল লেনের মিন্টু মিয়ার পলিথিন কারখানায় অভিযান চালিয়ে কারখানা দুটির যন্ত্রপাতি বাজেয়াপ্ত করার জন্য দুটিই সিলগালা করে দেয়। অভিযানে প্রায় চার টন পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ওই এলাকায় আবার ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জব্দকৃত যন্ত্রপাতিগুলো দুইটি ট্রাকে করে পরিবেশ অধিদপ্তরে নিয়ে আসা হয়। আদালতের নির্দেশের প্রেক্ষিতে শিগগিরই এগুলো টুকরো টুকরো করে ধ্বংস করা হবে।
ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এ সময়ে পরিবেশ অধিদপ্তর ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) সুকুমার বিশ্বাস উপস্থিত ছিলেন। র্যাব-১০-এর একটি দল, ঢাকা মহানগর দাঙ্গা পুলিশ এবং লালবাগ থানা পুলিশ আদালতকে সহায়তা করে।
দেশব্যাপী নিষিদ্ধ পলিথিনবিরোধী সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার। পরবর্তী সময়েও নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পরিবেশ অধিদপ্তর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০৩০ ঘ.
bdnews24