কুষ্টিয়া, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরপুর উপজেলা রাজানগর গ্রামে একটি খাল থেকে বৃহস্পতিবার সকালে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ওয়াহেদুল জোয়ার্দারকে (৪০) চরমপন্থীরা বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
ওয়াহেদুলের বাড়ী মিরপুর উপজেলার চর নওদাপাড়া গ্রামে। তিনি দিন মজুরের কাজ করতেন।
কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) সৈয়দ মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাত ১১টার দিকে ওয়াহেদুল নিজ বাড়ির সামনের দোকানে টেলিভিশন দেখছিলেন। এসময় তাকে মোবাইল ফোনে চরমপন্থীরা ডেকে নিয়ে পাশের রাজনগর গ্রামে জিকে খালের পাড়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে তার লাশ খালে ফেলে দেয়।
সকালে এলাকাবাসী খালের মধ্যে ওয়াহেদুলের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মিরপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, ওয়াহেদুল দিন মজুরের কাজ করলেও চরমপন্থীদের সঙ্গে তার সখ্য ছিলো। অভ্যন্তরীণ বিরোধের জের ধরে প্রতিপক্ষের চরমপন্থীরা তাকে হত্যা করতে পারে।
হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৮৫৫ ঘ.
bdnews24