২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালের দাম বাড়ায় আবার ওএমএস

দামের ঊর্ধ্বগতি ঠেকাতে খোলা বাজারে চাল বিক্রিকে সরকার সমাধান হিসেবে দেখলেও এর সুফল মিলবে কি না, তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 01:54 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দামের ঊর্ধ্বগতি ঠেকাতে খোলা বাজারে চাল বিক্রিকে সরকার সমাধান হিসেবে দেখলেও এর সুফল মিলবে কি না, তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। রাজধানীর পাইকারি ও খুচরা বাজার গুলো ঘুরে দেখা যায়, ঈদের পর বাজারে বিভিন্ন ধরনের চালের দাম ২ থেকে ৪ টাকা পর্যন্ত বেড়েছে। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে গত এক মাসে বিভিন্ন ধরনের চালের দাম বেড়েছে ২ দশমিক ৮৬ শতাংশ থেকে ৬ দশমিক ৪৫ শতাংশ পর্যন্ত। আর গত এক বছরে দাম বেড়েছে ৫০ শতাংশ পর্যন্ত। দাম বৃদ্ধির জন্য চালকল মালিকদের দায়ী করেছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ চাল ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ হোসেন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঈদের পরই চালকল মালিকরা দাম বাড়িয়ে দিয়েছে। তারা বিভিন্ন ধরনের প্রতি কেজি চালের দাম ২ থেকে ৪ টাকা পর্যন্ত বাড়িয়েেেছ।" তবে চালকল মালিকরা বলছেন, ধানের দাম বেড়ে যাওয়ায় সরবরাহ কমে গেছে। চাঁপাইনবাবগঞ্জের নজরুল অটো সুপার রাইস মিলের মালিক নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চাহিদার তুলনায় আমরা ধান পাচ্ছি কম। তাই চালের দাম বেড়েছে।" তবে দাম বৃদ্ধির হার বেশি নয় দাবি করে তিনি বলেন, "ঈদের পর প্রতি মণ মোটা চাল ২০ থেকে ৩০ টাকা এবং চিকন চাল ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে।" ধান সরবরাহ কম দাবি করে দিনাজপুর চালকল মালিক গ্র"পের সভাপতি মোসাদ্দেক হোসেন বলেন, "ঈদের পর ধানের বাজার চড়া হওয়ায় চালের দাম বেড়েছে। বেশি দামে ধান কিনতে না পেরে অনেকে চালকল বন্ধ করে দিয়েছে।" চালের দাম বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার থেকে রাজধানী ও বিভাগীয় শহরগুলোতে সরকারি উদ্যোগে আবার খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) কার্যক্রম শুরু করা হবে বলে বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন খাদ্যসচিব বিডি মিত্র। তিনি আশা করছেন, ওএমএস চালু হলে তার প্রভাবে বাজার সহনীয় হবে। সচিব জানান, বর্তমানে খোলা বাজারে বিক্রির জন্য মাসে ২৫ হাজার মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। তবে এর আগে ওএমএস চালু থাকলেও বাজারে তার প্রভাব খুব কমই দেখা গেছে। এবারও সরকারের এ উদ্যোগের সফলতা নিয়ে সন্দিহান কৃষি গবেষক মাহবুব হোসেন। বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমন মৌসুমের আগে অক্টোবরে সাধারণত চালের দাম একটু বাড়ে। কিন্তু এবার আগে থেকে বাড়তে শুরু করেছে। তিনি বলেন, "এরকম পরিস্থিতিতে চাল দরিদ্র মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকারের ওএমএস কার্যক্রম বাড়াতে হবে। বর্তমানে সরকার যে পরিমাণ চাল খোলাবাজারে বিক্রি করে বাজারে তার প্রভাব পড়ে না।" দাম সহনীয় রাখতে বাজার মূল্যের চেয়ে ৫ থেকে ৭ টাকা কমে প্রতি মাসে অন্তত আড়াই লাখ মেট্রিক টন চাল খোলা বাজারে বিক্রি করার পরামর্শ দেন মাহবুব হোসেন। গত রমজানে ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে ২৪ টাকা কেজিতে খোলাবাজারে চাল বিক্রি হয়। তবে ঈদের পর থেকে তা বন্ধ। টিসিবির হিসাবে বুধবার রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে প্রতি কেজি মোটা চাল ৩২ থেকে ৩৪ টাকা, মাঝারি চাল ৩৪ থেকে ৩৮ টাকা এবং সরু চাল ৩৫ থেকে ৪৮ টাকায় বিক্রি হয়েছে। টিসিবির হিসাবে, গত একবছরে মোটা চালের দাম বেড়েছে ৫০ শতাংশ, মাঝারি চালের ৪১ দশমিক ১৮ শতাংশ এবং সরু চালের ২৩ দশমিক ৮৮ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরবি/এমআই/১৯৫৩ ঘ.