বরিশাল, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগে ঝালকাঠি সদর থানার সাবেক ওসি ও একটি ফাঁড়ির উপ-পরিদর্শকের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার ঝালকাঠি থানা ও জেলার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা দুদক সমন্বিত বরিশাল জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম।
অভিযুক্তরা হলেন- ঝালকাঠির সাবেক ওসি হাবিবুর রহমান হাবিব। তিনি এখন অবসরে এখন এবং উচ্চ আদালতের জামিনে আছেন।
তার বাড়ি বরগুনা জেলার খাজুরতলা গ্রামে।
অপর আসামি হলেন ঝালকাঠির শেখের হাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফকরুল আলম। তিনিও অবসরে আছেন। এখন পলাতক।
তার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়।
অভিযোগপত্রে বলা হয়, ২০০৭ সালের ১৫ এপ্রিল শেখের হাট পুলিশ ফাঁড়ির এসআই ফকরুল আলম ঝালকাঠির পূর্ব কাটপট্টির শেখ হাসানকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছে থাকা নগদ ১২শ' টাকা ও নোকিয়া মোবাইল ফোন সেট নিয়ে নেন ফকরুল।
এরপর ২০ এপ্রিল শেখ হাসানের চাচা আব্দুল হাকিমের একটি চাঁদবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে জেল হাজতে পাঠানো হয়।
ওই মামলায় হাসানের স্ত্রী নারগিস খানম ও মা গোলেনুর বেগমও আসামি ছিলেন।
পরে হাসানকে জিজ্ঞাসাবাদে নিয়ে নির্যাতনের ভয় দেখিয়ে ফকরুল আলম দুই হাজার টাকা এবং মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য ওসি ও ফকরুল আরো ২৫ হাজার টাকা ঘুষ নেন।
এই অভিযোগে ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুদক মামলাটি দায়ের করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৬ ঘ.
bdnews24