চট্টগ্রাম, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক পুলিশ কর্মকর্তা হত্যামামলা থেকে ছাত্রলীগ নেতা-কর্মীদের অব্যাহতি চেয়ে সরকারের করা আবেদন খারিজ করে দিয়েছে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল।
শুনানি শেষে বুধবার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রবিউল হাসান আবেদন খারিজের এ আদেশ দেন। তিনি সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে এ মামলার বিচার কাজ অব্যাহত রাখার নির্দেশও দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আইয়ুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, "সচরাচর রাষ্ট্রপক্ষের আইনজীবী আবেদন করলে তা গৃহীত হয়। কিন্তু আদালত বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবেদনে অভিযুক্তদের অব্যাহতি দেওয়ার যুক্তিসঙ্গত কোনো কারণ উল্লেখ নেই। এ কারণে আবেদন গৃহীত হয়নি।"
২৮ সেপ্টেম্বর এই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে বলে তিনি জানান।
১৯৯৬ সালের ১১ ফেব্র"য়ারি বিরোধী দলের ডাকা অসহযোগ আন্দোলন চলাকালে নগরীর জাকির হোসেন সড়কের এমইএস কলেজের সামনে কর্তব্যরত অবস্থায় বুকে গুলিবিদ্ধ হন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার বশির আলী। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওই ঘটনায় পাঁচলাইশ থানার তৎকালীন ওসি এমএ নেওয়াজী একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় এমইএস কলেজের তৎকালীন ভিপি ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরীসহ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪৯ নেতা-কর্মীকে আসামি করা হয়।
১৯৯৬ সালের ১৩ নভেম্বর ৪৯ জনকেই অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
অভিযুক্ত ফরিদ ২০০৩ সালে মামলার বিচার কার্যক্রম স্থগিত রাখতে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন। এটা হাইকোর্ট ঘুরে আপিল বিভাগে গেলে ২০০৭ সালে সর্বোচ্চ আদালত নিু আদালতেই ওই আবেদন নিষ্পত্তির নির্দেশ দেন।
মামলাটি এ বছরের ১২ আগস্ট চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে।
আইনজীবী আইয়ুব জানান, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর এ মামলা রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় প্রত্যাহারের আবেদন করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গত ২৩ অগাস্ট চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটার (পিপি) কামাল উদ্দিন আহমেদ ও ১৫ সেপ্টেম্বর দ্রুত বিচার ট্রাইবুন্যালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আইয়ুব মামলাটি 'রাজনৈতিক প্রতিহিংসামূলক' উল্লেখ করে প্রত্যাহারের আবেদন করেন।
ছাত্রলীগ নেতাদের পক্ষের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালত অভিযুক্তদের অব্যাহতি দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবেদনে সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করেনি উল্লেখ করে তা খারিজ করে দেন।
তিনি জানান, ইতোমধ্যে এই মামলায় ২৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আরো ২০ জনের সাক্ষ্য গ্রহণ বাকি আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমআই/১৭৩০ ঘ.
bdnews24