২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন কমেছে ১৪৭ মেগাওয়াট

চট্টগ্রামে সার কারখানায় গ্যাস সরবরাহ শুরুর একদিনের মাথায় সেখানকার গ্যাসচালিত দুটি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন ১৪৭ মেগাওয়াট কমে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2010, 03:56 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে সার কারখানায় গ্যাস সরবরাহ শুরুর একদিনের মাথায় সেখানকার গ্যাসচালিত দুটি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন ১৪৭ মেগাওয়াট কমে গেছে। বন্ধ করে দেওয়া চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) আবার চালু করতে সোমবার গ্যাস সরবরাহ শুরু হলে রাউজান তাপবিদুৎ কেন্দ্র ও শিকলবাহা পিকিং পাওয়ার প্ল্যান্টে উৎপাদন কমে যায়। এছাড়া কাপ্তাই জলবিদুৎ কেন্দ্রেও যান্ত্রিক ত্র"টির কারণে উৎপাদন কমে গেছে। কাপ্তাই জলবিদুৎ কেন্দ্র, রাউজান তাপবিদুৎ কেন্দ্র ও শিকলবাহা পিকিং পাওয়ার প্ল্যান্টে সোমবার মোট উৎপাদন ছিল ৬২৬ মেগাওয়াট। মঙ্গলবার এই তিন সরকারি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন হয়েছে ৪৭১ মেগাওয়াট। গ্যাস স্বল্পতার কারণে ১০ দিনের মধ্যে উৎপাদন আরো ২২০ মেগাওয়াট কমতে পারে বলে বিদুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রকৌশলীরা জানিয়েছেন। পিডিবির প্রধান প্রকৌশলী (উৎপাদন) শিবু কুমার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে, বিদ্যুৎ কেন্দ্রের জন্য মোট ৩৫ মিলিয়ন ঘনফুট (এমসিএফ) গ্যাস সরবরাহ করা হবে। এতে শুধু রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুই নম্বর ইউনিটটি চালু রাখা সম্ভব হবে।" গ্যাস স্বল্পতার কারণে রাউজানের এক নম্বর ইউনিট পুরোপুরি ও শিকলবাহা পিকিং পাওয়ার প্ল্যান্ট আংশিক বন্ধ রাখতে হতে পারে বলেও জানান পিডিবি প্রকৌশলী। পিডিবির জনসংযোগ কর্মকর্তা মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার প্রয়োজনীয় ১৩০ এমসিএফ গ্যাস পাওয়ায় সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোতে মোট ৬৫৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। সোমবার গ্যাস সরবরাহ কমতে থাকায় ৬২৬ মেগাওয়াট এবং সরবরাহ আরো কমলে মঙ্গলবার মাত্র ৪৭১ মেগাওয়াট বিদুৎ উৎপাদন সম্ভব হয়। মঙ্গলবার মোট গ্যাস সরবরাহ ছিলো ৭৫ এমসিএফ। রোববার রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্রের দু'টি ইউনিট থেকে ৩৩০ মেগাওয়াট, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের চারটি ইউনিট থেকে ১৭৬ মেগাওয়াট এবং সদ্য চালু হওয়া শিকলবাহা পিকিং পাওয়ার প্ল্যান্টে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। গ্যাস সরবরাহ কমতে শুরু করায় সোমবার রাউজানের দু'টি ইউনিটে ৩০০ মেগাওয়াট ও শিকলবাহা পিকিং পাওয়ার প্ল্যান্ট থেকে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়। মঙ্গলবার পাওয়া যায় রাউজানের দুটি ইউনিটে ১৮০ মেগাওয়াট ও শিকলবাহা পিকিং পাওয়ার প্ল্যান্ট থেকে ১২৩ মেগাওয়াট। যান্ত্রিক ত্র"টির কারণে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও ৮ মেগাওয়াট কমেছে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক সানোয়ার হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশে সোমবার থেকে সিইউএফএলে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। পুরোদমে সিইউএফএল চালু করতে মোট ৪৯ এমসিএফ গ্যাস প্রয়োজন। কিন্তু মঙ্গলবার ১৫ এমসিএফ গ্যাস সরবরাহ করা হয়। অন্যদিকে কর্ণফুলী সার কারখানায় (কাফকো) গ্যাস সরবরাহ শুরুর বিষয়ে জ্বালানি মন্ত্রণালয় থেকে এখনো কোনো নির্দেশ আসেনি বলেও জানান সানোয়োর হোসেন। এর আগে রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী গ্যাস স্বল্পতার কারণে বন্ধ থাকা কাফকো, সিইউএফএল ও যমুনা সার কারখানা খুলে দেওয়ার ঘোষণা দেন। সিইউএফএলের মহাব্যবস্থাপক (পরিচালন) আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুরোদমে সার উৎপাদন শুরু করতে আরো আট থেকে ১০ দিন সময় প্রয়োজন হবে। দিনে ১৪৫০ মেট্রিকটন সার উৎপাদনের জন্য প্রয়োজনীয় ৪৯ এমসিএফ গ্যাস সরবরাহের বিষয়টি কেজিডিসিএল কর্তৃপক্ষ ইতিমধ্যে নিশ্চিত করেছে বলেও জানান সিইউএফএল মহাব্যবস্থাপক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএডি/এএনএস/ডিডি/২১৫১ ঘ.