চট্টগ্রাম, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে এক ডায়াগনস্টিক সেন্টার এবং ভুয়া চিকিৎসককে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সনদ ছাড়াই রোগ নির্ণয় এবং রোগী দেখার অপরাধে তাদের এ জরিমানা করা হয়।
সোমবার সকালে নগরীর চেরাগী পাহাড় এলাকায় অভিযান চালিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিজনুর রহমান এ জরিমানা করেন।
ফিজনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চেরাগী পাহাড় এলাকার 'বি- এক্সরে' ডায়াগনস্টিক সেন্টার প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগ নির্ণয়ের কাজ করে আসছিলো।
একই এলাকায় বীণা রায় নামে এক নারী সনদ ছাড়াই দীর্ঘদিন থেকে রোগী দেখে আসছিলেন।
ফিজনুর রহমান জানান, ডায়গনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা এবং ভুয়া চিকিৎসককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এএনএস/এইচএ/২২০০ ঘ.
bdnews24