২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাফরুলে বাসচাপায় পথচারী নিহত, ভাংচুর

রাজধানীর কাফরুলে বাসচাপায় এক পথচারী নিহত হওয়ার পর কয়েকটি গাড়ি ভাংচুর করেছে ক্ষুব্ধ জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2010, 06:47 AM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাফরুলে বাসচাপায় এক পথচারী নিহত হওয়ার পর কয়েকটি গাড়ি ভাংচুর করেছে ক্ষুব্ধ জনতা। রোববার সকালে মিরপুর ১৩ নম্বর সেকশনে ইউনানী ও আয়ুর্বেদীয় কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানায়। নিহতের নাম কামরুল আহসান স্বপন (৩৮)। তার বাসা ইব্রাহিমপুরে। তিনি একটি তৈরি পোশাকের একটি বায়িং হাউসে কাজ করতেন। কাফরুল থানার উপপরিদর্শক খোকন চন্দ্র দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বপন অফিসে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। সকাল সাড়ে ৮টার দিকে সড়কে বাহন পরিবহনের একটি বাসের চাপায় স্বপন ঘটনাস্থলেই মারা যান। স্বপনের সঙ্গে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার বাড়িতে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হয় পুলিশ। স্থানীয়রা জানায়, দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ লোকজন বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে। তবে পুলিশ বলছে, বাহন পরিবহনের বাস ছাড়া অন্য কোনো গাড়ি ভাংচুরের অভিযোগ তারা পায়নি। বাহন পরিবহনের গাড়িটি পুলিশ আটক করলেও চালক পলাতক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১২৪১ ঘ.