সৈয়দ নাহাস পাশা
লন্ডন থেকে
লন্ডন, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় দেশে বিনিয়োগ করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শুক্রবার লন্ডনের সিটি হলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
অর্থমন্ত্রী বলেন, "দেশে উন্নয়নের জন্য আমরা এখন পিপিপিকে প্রাধান্য দিচ্ছি।"
বিনিয়োগ বাড়াতে সরকারের নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরে মুহিত বলেন, "আগে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কম ছিলো। শিল্প কারখানা জাতীয়করণ আর ভালো আইন থাকলেও এর সুষ্ঠু প্রয়োগ না থাকা এবং দুর্নীতির কারণে বিদেশিরা বিনিয়োগ করতে আগ্রহী হতো না। এখন আর সে অবস্থা নেই।"
"আমরা বিদ্যুৎ খাতে বিনিয়োগের জন্য টেন্ডার আহ্বান করে আগে একটা বা দুটো কোম্পানির সাড়া পেতাম। কিন্তু এবার ২১টি কোম্পানি টেন্ডারে অংশ নিয়েছে। এর মধ্যে জেনারেল ইলেক্ট্রনিক্সের মতো বড় কোম্পানিও রয়েছে", বলেন তিনি।
স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিনিয়োগের জন্যও প্রবাসীদের প্রতি আহ্বান জানান মুহিত।
তিনি বলেন, "বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারের প্রসার ঘটেছে। '৯০ এর দশকে দেশে মধ্যবিত্ত থেকে উচ্চ বিত্তের সংখ্যা যেখানে ছিল ১৪ শতাংশ, এখন তার বেড়ে হয়েছে ২৬ থেকে ৩০ শতাংশ। বাণিজ্য এবং বিনিয়োগের সুযোগ অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক ভালো।"
বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে ঢাকার যানজটকে অন্তরায় হিসেবে প্রবাসীরা তুলে ধরলে অর্থমন্ত্রী তা সমাধানে পরিকল্পনার কথা জানান।
তিনি বলেন, "বিশ্বব্যাংকের সহায়তায় বিগত ১০ বছর ধরে স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান নিয়ে গবেষণা হয়েছে। কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সরকারের কাছে অর্থ নেই। এটা ব্যক্তিগত খাত থেকে আসতে হবে। ভারত এবং চীন থেকে কিছু আগ্রহ দেখা গেছে।"
দেশের আমলাতান্ত্রিক জটিলতার বিষয়ে মুহিত বলেন, "খালেদা জিয়ার আমলে প্রশাসনের দলীয়করণ যেভাবে হয়েছে, তা আগে কখনো হয়নি। তিনি প্রশাসনে দলীয়করণ শুরু করেন পুলিশে নিয়োগ প্রক্রিয়া দিয়ে। আমি জানি না, কীভাবে আমরা দলীয়করণ থেকে বেরিয়ে আসবো। এটি খুব কঠিন ব্যাপার।"
সরকারি কাজে গতি আসতে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের কথাও বলেন তিনি।
একাত্তরের যুদ্ধাপরাধের বিচার এবং তা ধরে বিরোধী দলের হয়রানির অভিযোগ নিয়েও কথা বলেন মুহিত।
তিনি বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের দাবিটি সবসময়ই ছিল। জনগণের সে দাবি পূরণে সরকার সচেষ্ট হয়েছে। আমরা নিরপেক্ষ ট্রাইবুনাল গঠন করেছি। বিচার প্রক্রিয়াও হবে নিরপেক্ষ।"
বিরোধী দলের অভিযোগের বিষয়টি তুলে ধরার হলে অর্থমন্ত্রী বলেন, "এটি উঠে আসছে এ কারণে যে বাংলাদেশের যুদ্ধাপরাধীরা একটি রাজনৈতিক দলের পার্টনার। জামায়াতে ইসলামী হচ্ছে বাংলাদেশের যুদ্ধাপরাধী, এই দলের সবাই নয়, তবে অনেকেই। এরা বৃহত্তম বিরোধী দলের পার্টনার। তাই এই অভিযোগ আমার কাছে অগ্রহণযোগ্য।"
মুহিত পাল্টা প্রশ্ন রেখে বলেন, "কাউকে কোথাও হয়রানি করা হয়েছে, এমন কোনো উদাহরণ আছে কি?"
গ্রেটার লন্ডন এসেম্বলির সদস্য মুরাদ কোরেশির সঞ্চালনায় ওই সভায় বাংলাদেশের হাইকমিশনার অধ্যাপক সাইদুর রহমান খানও উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮০৫ ঘ.
bdnews24