২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নয় জেলায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা

প্রবল বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে বন্যা কবলিত কুড়িগ্রাম, সিরাগঞ্জসহ নয় জেলায় পরবর্তী ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2010, 04:17 PM

Updated : 25 Aug 2022, 06:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবল বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে বন্যা কবলিত কুড়িগ্রাম, সিরাগঞ্জসহ নয় জেলায় পরবর্তী ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। বন্যা কবলিত অপর সাত জেলা হল জামালপুর, রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ। এছাড়া সিলেট জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। সোমবার বন্যা পূর্বভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক পূর্বাভাসে একথা বলা হয়েছে। এতে আরো বলা হয়, ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা ও মেঘনা নদীর পানি আরো বাড়ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তা আরো বাড়তে পারে। অন্যদিকে গঙ্গা নদীর পানি কমছে এবং আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা তা অব্যাহত থাকতে পারে। চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি রোববারের চেয়ে ১৩ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ২৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার পানি বাহাদুরাবাদ পয়েন্টে ২৫ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১৯ সেন্টিমিটার, সিরাজগঞ্জে ১৬ সে. মি. বেড়ে বিপদসীমার ৩৩ সে. মি. এবং আরিচা পয়েন্টে ৮ সে. মি. বেড়ে বিপদসীমার ৪ সে. সি. উপর দিয়ে বইছে। পদ্মার পানি গোয়ালন্দ পয়েন্টে ২২ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৪৭ সে. মি. এবং ভাগ্যকূলে ৬ সে.ি মি. বেড়ে বিপদসীমার ৬০ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মাদারীপুরে আড়িয়াল খাঁ নদীর পানি মাদারীপুর পয়েন্টে ২ সে.ি মি. কমে বিপদসীমার ১৩ সে. মি. এবং অমলশিদে ১৯ সে. মি. কমে বিপদসীমার ১০ সে.ি মি. উপর দিয়ে বইছে। কুশিয়ারা পানি শেওলা পয়েন্টে ১৮ সেন্টিমিটার কমে বিপদসীমার ১৫ সে. মি. এবং শেরপুরে ৪ সে. মি. কমে বিপদসীমার ১৯ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কানাইঘাটে সুরমার পানি ২১ সে. মি. কমে বিপদসীমার ৩১ সে. মি. উপর দিয়ে বইছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ: বাগেরহাট: বাগেরহাটে ভৈরব নদ সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ (৩৫/৩ নম্বর পোল্ডার) ভেঙে রাধাবল্লভ বিল প্লাবিত হয়ে দুই শতাধিক চিংড়ি ও অন্যান্য মাছের ঘের ভেসে গেছে। রাধাবল্লভ ও কাটুয়া গ্রামের অন্তত দেড় শতাধিক পরিবার পানিবন্দি হয়েছে। অনেক বসত ঘরে পানি ঢুকেছে। বেশকিছু ঘরের মাটির দেওয়াল ভেঙে গেছে। সোমবার সকাল থেকে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁধ মেরামতের চেষ্টা করছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বজলুর রশিদ জানান, ৩৫/৩ নম্বর পোল্ডারের ১২ থেকে ১৩ কিলোমিটারের মধ্যবর্তি কয়েকটি স্থান বেশ দুর্বল। গত শুক্রবার রাতে অমাবস্যার জোয়ারের পানির চাপে প্রায় বিশ মিটার বাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে পড়ে। সোমবার সকাল থেকে গ্রামবাসীর সহায়তায় পানি উন্নয়ন বোর্ডের কর্মচারীরা শ্রমিক নিয়ে বাঁধ মেরামতের কাজ শুরু করেছে। বাগেরহাট সদর উপজেলার রাধাবল্লভ কৃষি সমবায় সমিতির সভাপতি শেখ শহিদুল ইসলাম জানান, এই বিলে চৌদ্দশত একর জমি রয়েছে। দুই শতাধিক চিংড়ি ও অন্যান্য মাছের ঘের রয়েছে। দু'টি গ্রামে দেড় শতাধিক পরিবার বসবাস করে। পানিতে কারো মাছ ভেসে গেছে, কারো ঘর ডুবে গেছে। কয়েকশ' মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ঘের মালিকদের প্রায় চার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। জামালপুর: পাহাড়ি ঢলে যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় জামালপুরের তিন উপজেলায় অন্তত ১০টি ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে। এসব এলাকায় প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। যমুনার প্রচণ্ড স্রোতে ইসলামপুরের চিনাডুলি-আমতলী বাজার সড়কের প্রায় পঁচশ' গজ এলাকা ভেঙে সড়কটির উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। মেলান্দহ-মাহমুদপুর সড়কের দু'টি কজওয়ে ডুবে যাওয়ায় যানবাহন চলছে ঝুঁকি নিয়ে। এসব এলাকার নিম্নাঞ্চলের রোপা-আমন ও বিভিন্ন ফসলি জমি তলিয়ে গেছে। যমুনার পানি বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। প্লাবিত এলাকাগুলো হল- ইসলামপুর উপজেলার পার্থশী, কুলকান্দি, সাপধরি, নোয়ারপাড়া, বেলগাছা, ইসলামপুর সদর ও চিনাডুলি ইউনিয়ন, দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ও চিকাজানি এবং মেলান্দহ উপজেলার মাহমুদপুর। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী একেএম সামছুল করিম জানান, সোমবার বিকাল ৩টায় যমুনার পানি বিপদ সীমার ২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। প্রতি ঘণ্টায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এছাড়াও পুরাতন ব্রহ্মপূত্রসহ জেলার সবকটি নদ নদীর পানি বাড়ছে। কুড়িগ্রাম: প্রবল বর্ষণ ও উজান থেকে নামা ঢলে কুড়িগ্রামে দুই শতাধিক চরের অন্তত দুই লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। প্লাবিত হয়েছে শতাধিক বাড়ি। ডুবে গেছে হাজার হাজার হেক্টর জমির আমন ক্ষেত। ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ২৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলা নদীর পানি বিপদসীমা খুব কাছে অবস্থান করছে। চিলমারীর রাজারভিটায় পানি উন্নয়ন বোর্ডের নদীতীর প্রতিরক্ষা বাঁধের ১০ মিটার এলাকার পিচিং ব্লক ধসে গেছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রেজাউল মোস্তফা আসাফুদৌলা জানান, গত ২৪ ঘণ্টায় ধরলায় ১১ সেন্টিমিটার, ব্রহ্মপুত্রে ১৩ সেন্টিমিটার, দুধকুমরে ৯ সেন্টিমিটার পানি বেড়েছে। প্লাবিত এলাকাগুলো হল- সদর উপজেলার যাত্রাপুরের কালির আলগা, ঝুনকার চর, ভগবতির চর, মশালের চর, বেগমগঞ্জ, সাহেবের আলগা, চিলমারী, অষ্টমীরচর, নয়ারহাট ইউনিয়নের প্রায় পুরোটাই রয়েছে পানির নিচে। এছাড়া রৌমারী, উলিপুর ও রাজীবপুর উপজেলায় অনেক চরগ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকায় প্রায় দুই লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এদের অনেকে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় নৌকা ও কলারভেলায় যাতায়াত করছে। বিস্তীর্ণ এলাকার আমন ও সবজি ক্ষেত ডুবে গেছে। চিলমারীর নয়ারহাট ইউপি চেয়ারম্যান নওশাদ আলী জানান, তার ইউনিয়নের ২২টি গ্রামের সবক'টি এখন পানির নিচে। পানিতে ভেসে যাওয়ার আশঙ্কায় সোমবার গয়নার পটল ও খাওরিয়ার চরে ৪২টি বাড়ি সরিয়ে নেয়ো হয়েছে। মাদারীপুর: রোববার আড়িয়াল খাঁ নদীর বেড়িবাঁধ ও মাদারীপুর-শ্রীনদী-রাজৈর সড়ক ভেঙে পানির প্রবল তোড়ে সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে কয়েকশ' পরিবার আশ্রয়হীন হয়ে পড়ে। ইতোমধ্যে সদর উপজেলার শিরখাড়া, কুনিয়া, বাহাদুরপুর ইউনিয়ন, রাজৈর উপজেলার ইশিবপুর ও বদপাশা ইউনিয়নের অন্তত ৮০টি গ্রাম প্লাবিত হয়েছে। সোমবার ভোর থেকে রাজৈর উপজেলার ৩০টি গ্রামের অন্তত ২৫ হাজার হেক্টর ফসলি জমি, কয়েকশ' ঘরবাড়ি, চরঘুনসী বাজারের প্রায় ৩০টি দোকান নদীগর্ভে বিলীন হয়। শিরখাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হাই মুন্সী বলেন, গত সপ্তাহে এই ইউনিয়নের চরঘুনসী শ্রীনদীর আট কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে সদর ও রাজৈর উপজেলার ৪৮টি প্লাবিত হয়। রোববার মধ্যরাতে একই ইউনিয়নের জলকার এলাকায় অন্তত ১৫০ মিটার সড়ক ভেঙে পানি ঢোকে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান বলেন, "মঙ্গলবার ঘটনাস্থলে যাব। ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। পরিস্থিতি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।" পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অখিল কুমার বিশ্বাস বলেন, যে এলাকায় ভেঙেছে সেটা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) রাস্তা। পানি উন্নয়ন বোর্ডের কিছু করার নেই। এ ব্যাপারে মাদারীপুর এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, "আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মঙ্গলবার আবার যাব। কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাব।" সিরাজগঞ্জ: উজান থেকে নামা ঢলে যমুনায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে পশ্চিম তীরে বেড়েছে ভাঙন দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি ২৫ সেন্টিমিটার বেড়ে সোমবার দুপুরে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। জেলার সদর, কাজিপুর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলার নদীর পশ্চিম তীরবর্তী কয়েকশ' গ্রামের মানুষ পানিবন্দী হয়েছে। এদিকে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ 'হার্ড-পয়েন্টের' উজানে বেল-মাউথ-এর পাশে যমুনায় প্রবল ঘূর্ণাবর্তের সৃষ্টি হওয়ায় প্রবল বেগে পানির ঢুকছে। এতে শহর রক্ষা বাঁধ সংলগ্ন রানীগ্রাম থেকে কাজিপুর নৌকাঘাট পর্যন্ত প্রায় পাঁচশ' মিটার এলাকা ঝুঁকির মধ্যে পড়েছে। এছাড়া পাউবো'র আট কিলোমিটার মাটির রিং বাঁধটি দিয়ারপাঁচিল ও খোকশাবাড়ি অংশে ঝুঁকির মধ্যে পড়েছে। পাউবো'র পরিচালন ও রক্ষণাবেক্ষণ (পওর) শাখার নির্বাহী প্রকৌশলী সুজয় চাক্মা বলেন, চলতি বছর সিমলা'র উজানে প্রায় নয় কিলোমিটার অংশে নদীতীর সংরক্ষণ প্রকল্পের জন্য আরো প্রায় ২৯৮ কোটি টাকার ডিপিপি' প্রস্তাব নতুন করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ হাতে পেয়ে প্রতিরক্ষার কাজ করতে পারলে পুরো এলাকাই ঝুঁকিমুক্ত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২২১০ ঘ.