২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিকলবাহা নতুন বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন অর্ধেকে

উদ্বোধনের ১২ ঘন্টা পরই চট্টগ্রামের শিকলবাহা পিকিং পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎ উৎপাদন গ্যাসের অভাবে প্রায় অর্ধেকে নেমে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2010, 09:18 AM

Updated : 25 Aug 2022, 06:36 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উদ্বোধনের ১২ ঘন্টা পরই চট্টগ্রামের শিকলবাহা পিকিং পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎ উৎপাদন গ্যাসের অভাবে প্রায় অর্ধেকে নেমে এসেছে। বুধবার রাত ১২ টার দিকে এ কেন্দ্রের উৎপাদন নেমে দাঁড়ায় ৮০ মেগাওয়াটে। চাহিদার বিপরীতে পর্যাপ্ত গ্যাস সরবরাহ দিতে না পারায় এ সংকট বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ৩৮ মিলিয়ন ঘনফুট (এমসিএফ) গ্যাস দরকার হলেও সরবরাহ নেমে আসে ২০ এমসিএফ-এ। এতে বিদ্যুৎ উৎপাদন কমে যায় ৭০ মেগাওয়াট। উল্লেখ্য, অব্যাহত গ্যাস সংকটের মুখে গ্যাস নির্ভর এ প্ল্যান্ট উদ্বোধনের আগেই এর প্রকৃত উৎপাদন নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন সংশ্লিষ্টরা। পিকিং পাওয়ার প্ল্যান্টের প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার আসাদুল্লাহ মিয়া বৃহস্পতিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্যাসের চাপ কমে যাওয়ায় বুধবার বিকালে উৎপাদন সাময়িক বন্ধ হয়ে গিয়েছিল। রাত ১২ টার দিকে পুনরায় এটি চালু হলেও উৎপাদন কমে গেছে।" তিনি জানান, এখন গ্যাস চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে প্রায় অর্ধেক। ২০ মিলিয়ন ঘনফুট দিয়ে বৃহস্পতিবার সকাল থেকে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বুধবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিকলবাহায় অবস্থিত দেড়শ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ডুয়েল-ফুয়েল পদ্ধতির এ বিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করেন। তবে শুরুর দিকে উৎপাদন ঠিক থাকলেও বিকাল ৫ টার দিকে গ্যাসের চাপ কমে যাওয়ায় এর উৎপাদন বন্ধ হয়ে যায়। প্রসঙ্গত, চট্টগ্রামের রাউজান ও শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের ভিত্তিতেই বিদ্যুৎ উৎপাদন করা হয়। কিন্তু চাহিদার বিপরীতে গ্যাস সরবরাহ স্বল্পতার কারণে বেশিরভাগ সময়ে এসব কেন্দ্রে উৎপাদন বন্ধ হয়ে যায় অথবা ক্ষমতার চেয়ে অনেক কম বিদ্যুৎ উৎপাদিত হয়। পিডিবি কার্যালয় থেকে জানা গেছে, চট্টগ্রামে প্রতিদিন পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা ৭০০ মেগাওয়াট, অফ-পিক আওয়ারে ৫০০ মেগাওয়াট। এর বিপরীতে জাতীয় গ্রিড থেকে সরবরাহ পিক আওয়ারে ৪৫০ মেগাওয়াট আর অফ-পিক আওয়ারে ৩৭০ থেকে ৩৮০ মেগাওয়াট দেওয়া হয়। চট্টগ্রামের রাউজানের দুটি ইউনিটে ২৮০, কাপ্তাইয়ের ৪টিতে ১৭০ ও শিকলবাহার একটি ইউনিটে ৪০ মেগাওয়াটসহ মোট উৎপাদন ৪৯০ মেগাওয়াট। রাউজান ও শিকলবাহায় প্রতিদিন গ্যাসের চাহিদা ৯০ মিলিয়ন ঘনফুট। অথচ পাওয়া গেছে ৮৫ থেকে ৮৭ মিলিয়ন ঘনফুট। এখন পিকিং পাওয়ার প্ল্যান্ট মিলে মোট চাহিদা দাঁড়িয়েছে ১২৮ মিলিয়ন ঘনফুট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেএমএস/১৫১৪ ঘ.